বৃষ্টির দিনে গাজার একটি আশ্রয়শিবিরের তাঁবুতে শিশুকে নিয়ে বসে আছেন বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি নারী। ৭ নভেম্বর ২০২৬
বৃষ্টির দিনে গাজার একটি আশ্রয়শিবিরের তাঁবুতে শিশুকে নিয়ে বসে আছেন বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি নারী। ৭ নভেম্বর ২০২৬

আল-জাজিরার এক্সপ্লেইনার

এবার গুলি-বোমা নয়, শীতের বৃষ্টিতে গাজাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে ইসরায়েল

চলতি নভেম্বরের শুরুতে মধ্য গাজার আল-জাওয়ায়দা এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি ঢুকে পড়ে জাবের আল-কাসির তাঁবুতে। এতে তাঁর পরিবারের তোশক ভিজে যায় ও খাবার নষ্ট হয়ে যায়।

আল-কাসি উত্তর গাজার বেইত লাহিয়া থেকে পালিয়ে এসেছেন। তিনি আল-জাজিরাকে বলেন, গত শীতেও তাঁর শিবির তিন-চারবার তলিয়ে গিয়েছিল। সেই বন্যার কারণেই তাঁর অনেক প্রতিবেশী আগেই এলাকা ছেড়ে চলে গেছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষ এখন তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করছেন। সংখ্যায় তাঁরা প্রায় ১৩ লাখ ৬০ হাজার।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ৬ নভেম্বর সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হয়। মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার তাঁবু তলিয়ে যায়। জাতিসংঘের প্রাথমিক হিসাব বলছে, এতে প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাঁচ হাজারের বেশি পরিবার আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে ঘুমাতে বাধ্য হয়েছে। এ ছাড়া প্রায় ৬০০ পরিবার আবারও জায়গা বদল করতে বাধ্য হয়েছে।

এই বৃষ্টিতে প্রাণহানিও ঘটেছে। ৮ নভেম্বর দেইর আল-বালাহর দক্ষিণে একটি বাস্তুচ্যুত শিবিরের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পড়ে। এতে শিশুসহ পাঁচজন মারা যান। ওসিএইচএ জানিয়েছে, ওই একই ঝড়ে একটি নবজাতক পানিতে ডুবে মারা যায়। এ ছাড়া ১৩ নভেম্বর প্রচণ্ড ঠান্ডায় (হাইপোথার্মিয়া) ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।

গাজা উপত্যকার পৌরসভাগুলোর জোট গত বুধবার একটি সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, চলতি শীতে প্রায় এক হাজার শিবির ও আশ্রয়কেন্দ্র প্লাবিত হতে পারে। সংস্থাগুলোর মতে, জরাজীর্ণ দুই লাখ তাঁবু এখনই বদলানো দরকার। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর এটি চতুর্থ শীতকাল। মানবিক সহায়তায় ইসরায়েলের বাধা, ক্ষতিগ্রস্ত ভবন আর প্লাবিত তাঁবু কীভাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরও বড় ঝুঁকিতে ফেলছে, চলুন তা দেখে নেওয়া যাক।

গাজায় ভারী বৃষ্টির মধ্যে প্লাবিত তাঁবুর বাইরে জমে থাকা পানি সরানোর চেষ্টা করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

ফিলিস্তিনিরা কেন নিরাপদ জায়গায় যেতে পারছেন না

ওসিএইচএ জানিয়েছে, ইসরায়েলি বাধার কারণে ফিলিস্তিনিরা গাজার বড় একটি অংশে যেতে পারছেন না। ফলে নিরাপদ এলাকায় সরে যাওয়ার সুযোগ তাঁদের খুব কম। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিশ্ব খাদ্য কর্মসূচি ১৭ নভেম্বর জানায়, গাজার মানুষ এখন মোট ভূখণ্ডের ৪০ শতাংশের কম জায়গায় আটকে আছেন। এখানকার ১ হাজার ৭০০টি আশ্রয়শিবিরের অর্ধেকের বেশিই বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত।

নতুন করে বাস্তুচ্যুত হওয়ার ভয় এখনো কাটেনি। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ নতুন অভিযানের হুমকি দিয়েছেন। তিনি বলেন, হামাস অস্ত্র না ছাড়লে ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে সরিয়ে নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি গাজার বাকি ৩০ শতাংশ এলাকার ওপর হামাসের নিয়ন্ত্রণকে ‘ভ্রম’ বলে উল্লেখ করেন। তবে তিনি এলাকা ছাড়ার কোনো নির্দেশ দেননি।

ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলোতেও থাকার উপায় নেই। জাতিসংঘের স্যাটেলাইট ছবির বিশ্লেষণ বলছে, গত জুনের মাঝামাঝি পর্যন্ত গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

নভেম্বরের প্রথম ঝড়ের সময় নুসেইরাতের বাসিন্দা নাসের আল-হাজের ফ্ল্যাটের ছাদ থেকে ধ্বংসাবশেষ খসে পড়ছিল। ইসরায়েলি হামলায় তাঁর ফ্ল্যাটটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাধ্য হয়ে তিনি সন্তানদের নিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। আল-জাজিরাকে তিনি বলেন, ‘কিন্তু আমি কোথায় যাব? বাড়িভাড়া অনেক বেশি, আবার তাঁবুও নিরাপদ নয়।’

গাজায় বন্যার ঝুঁকি এত বেশি কেন

ইসরায়েলের নৃশংস হামলায় গাজার নালা ও পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। স্বাভাবিক সময়ে এগুলো দিয়ে বৃষ্টির পানি সরে যেত। গাজা সিটির পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না জানান, প্রথম ঝড়ের সময় আটটি পাম্পিং স্টেশন ও বৃষ্টির পানি জমার তিনটি প্রধান জলাধার অচল ছিল। পরিস্থিতি সবচেয়ে ভালো থাকলেও বাকি ব্যবস্থা দিয়ে বৃষ্টির পানির পাঁচ ভাগের এক ভাগের বেশি সরানো সম্ভব নয়।

ওসিএইচএ জানিয়েছে, শহরের অন্যতম প্রধান জলাধার শেখ রাদওয়ান লেগুনে ঝড়ের সময় পানি প্রায় দেড় মিটার (পাঁচ ফুট) বেড়ে গিয়েছিল। জাতিসংঘের এই দপ্তর গতকাল আরও জানায়, জলাধারটির পাম্পিং স্টেশন এখন তার মূল সক্ষমতার ৪০ শতাংশের কম শক্তিতে চলছে।

মধ্য গাজায় ওয়াদি গাজার পানি হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পৌরসভাগুলো। এতে আল-মুগরাকা ও আল-জাহরা এলাকা প্লাবিত হতে পারে। জরুরি সেবাগুলোও চাপের মুখে ভেঙে পড়ার অবস্থায়। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, ৭ নভেম্বর তারা সাহায্যের জন্য ২ হাজার ১৬৬টি কল পেয়েছিল। কিন্তু তারা মাত্র ২১৮টি জায়গায় উদ্ধারকর্মী পাঠাতে পেরেছে। বেশির ভাগ মানুষকে ফোনে পরামর্শ দিয়েই কাজ সারতে হয়েছে।

গাজায় ভারী বৃষ্টিতে ভিজে গেছে বাস্তুচ্যুত মানুষের তাঁবু

স্বাস্থ্যঝুঁকি কী কী

জাতিসংঘ জানিয়েছে, নভেম্বরের শুরুর বৃষ্টিতে ৫৮টি আশ্রয়কেন্দ্রে বর্জ্যমিশ্রিত পানি জমেছিল। কর্মীরা পানি তোলার বিশেষ গাড়ি (সাকশন ট্রাক) ব্যবহার করে সেই পানি সরিয়েছেন। গাজা সিটির ‘পেশেন্টস ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি’ হাসপাতালের ভূগর্ভস্থ তলা পানিতে তলিয়ে যায়। সেখানে শিশু বিভাগ, ওষুধের দোকান ও রেডিওলজি সেবা চালু ছিল। এ ছাড়া রাস্তাঘাট ডুবে যাওয়ায় অনেক জায়গায় রোগী ও স্বাস্থ্যকর্মীরা ক্লিনিকে পৌঁছাতে পারেননি।

ভিড় ও গাদাগাদি করে থাকা আরেকটি বড় ঝুঁকি তৈরি করেছে। গাজা সিটির রানতিসি শিশু হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ শরিফ মাতার আল-জাজিরাকে এ কথা জানান। তিনি বলেন, ঘিঞ্জি তাঁবুতে থাকা পরিবারগুলোর কাছে ন্যূনতম পরিচ্ছন্নতা বজায় রাখার মতো পানিও নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ১ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে ৬৯২ জন সন্দেহভাজন মেনিনজাইটিস রোগী শনাক্ত করেছে। এদের বেশির ভাগই এক বছরের কম বয়সী শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ নভেম্বর এ নিয়ে মহামারি সতর্কতা জারি করেছে। সাধারণত মাসে ৩০ থেকে ৫০ জন আক্রান্ত হলেও গত অক্টোবরে ২৭২ জনের শরীরে এই রোগ পাওয়া গেছে।

বৃষ্টির দিনে গাজার আংশিক প্লাবিত একটি আশ্রয়শিবিরে দাঁড়িয়ে আছেন বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি। ৭ নভেম্বর ২০২৬

পরিবারগুলোর কাছে পর্যাপ্ত আশ্রয়সহায়তা পৌঁছাচ্ছে না কেন

জাতিসংঘের মানবিক সহায়তা দল ১৩ নভেম্বর জানায়, বিভিন্ন সংস্থা ও সরকারের কেনা দেড় লাখের বেশি তাঁবু গাজার বাইরে আটকে আছে। এর বেশির ভাগই রয়েছে মিসরের এল আরিশ শহরে।

ইউরোপীয় কমিশন বুধবার জানায়, তাঁবুগুলো এখনো ট্রাকেই পড়ে আছে। কারণ, ইসরায়েল সেগুলো বা তাঁবু খাটানোর সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না। মিসর থেকে আসা ত্রাণ সরাসরি রাফা সীমান্ত দিয়ে না ঢুকিয়ে তল্লাশির জন্য কারেম আবু সালেম (ইসরায়েলে যা কেরেম শালোম নামে পরিচিত) সীমান্ত দিয়ে পাঠানো হয়। এ ছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ আশ্রয়ের কিছু সামগ্রীকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ (বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহার্য) হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে ত্রাণ সংস্থাগুলোর পক্ষে পর্যাপ্ত সামগ্রী আনা কঠিন হয়ে পড়েছে।

ত্রাণ সমন্বয়কারী ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট সোমবার দাবি করেছে, তাদের শীতকালীন কর্মসূচির আওতায় প্রায় এক লাখ তাঁবু গাজায় ঢুকেছে। তারা ৬৭ হাজারের বেশি তাঁবু ও অন্যান্য শীতের সামগ্রী অনুমোদনের কথাও জানিয়েছে, যা এখনো আনা হয়নি। তবে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বুধবার জানিয়েছে, গাজার ভেতরে ত্রাণ সংস্থাগুলোর হাতে সাড়ে ছয় হাজারেরও কম তাঁবু মজুত আছে।

বিধিনিষেধ ও সংকটের কারণে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এনআরসি জানিয়েছে, গাজার ভেতরে ছয় সদস্যের একটি পরিবারের শীতের সাধারণ সামগ্রী কিনতে ছয় হাজার ডলারের বেশি খরচ পড়ছে। অথচ ত্রাণ সংস্থাগুলো বিদেশ থেকে কিনে আনলে এর দাম পড়ে প্রায় ৭০০ ডলার। শীতে ন্যূনতম আশ্রয়সহায়তার জন্য ২৮ কোটি ৩০ লাখ ডলার প্রয়োজন। কিন্তু দাতারা এর মাত্র ৩৫ শতাংশ তহবিল দিয়েছেন।

সীমান্ত পেরিয়ে তাঁবু ঢুকলেও তা কবে শিবিরে পৌঁছাবে, পরিবারগুলো তা জানে না। খান ইউনিসের কাছাকাছি আল-মাওয়াসি এলাকার বাসিন্দা ফাদি ওয়াফি বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে এ নিয়ে কথা বলেন। তিনি জানান, গত ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় তাঁর নাম তোলা হয়েছে। কিন্তু তিনি কোনো আশ্রয়সামগ্রী পাননি। পাঁচ সদস্যের পরিবারের জন্য তাঁর কাছে কেবল দুটি তোশক আর দুটি কম্বল আছে।

বৃষ্টির দিনে গাজার একটি আশ্রয়শিবিরের তাঁবু থেকে ঝাড়ু দিয়ে পানি বের করছেন বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি নারী। ৭ নভেম্বর ২০২৬

পরের ঝড়ের আগে কী করা যেতে পারে

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর মঙ্গলবার সতর্ক করেছে, কয়েক দিনের মধ্যেই আরেকটি ঝড় আসতে পারে। ত্রাণকর্মীরা নালা পরিষ্কার করছেন, আশ্রয়কেন্দ্র মজবুত করছেন ও বন্যারোধী বাঁধ দিচ্ছেন। তবে ওসিএইচএ ২০ নভেম্বর জানায়, চিহ্নিত ৩৫৬টি বন্যাপ্রবণ এলাকার মধ্যে মাত্র ১৬২টিতে এ ধরনের কাজ করা সম্ভব হয়েছে।

আইওএম সোমবার জানিয়েছে, প্রায় ১ হাজার ২০০ পরিবারের জন্য টেকসই জরুরি আশ্রয়কেন্দ্র বানাতে ইসরায়েল প্রায় ৭০ হাজার কাঠ ও ১ হাজার ২০০টির বেশি যন্ত্রপাতির বাক্স অনুমোদন দিয়েছে।

কোগাট আরও জানায়, তারা পাম্প ও জেনারেটর অনুমোদন করেছে। এ ছাড়া শেখ ইজলিন ও শেখ রাদওয়ান পয়োনিষ্কাশন কেন্দ্রের আংশিক মেরামতের অনুমতি দিচ্ছে। তবে সরঞ্জামগুলো পৌঁছেছে কি না, তা তারা জানায়নি।

কোগাট স্পষ্ট করেছে, হামাস পুরোপুরি অস্ত্র না ছাড়া পর্যন্ত পুনর্গঠনের সরঞ্জাম ঢুকতে দেওয়া হবে না। গাজার পৌরসভাগুলো এখনো পাম্প, বিকল্প জেনারেটর ও জ্বালানি চেয়ে যাচ্ছে।

ওম হানি হামুদার পরিবার এ পর্যন্ত প্রায় ১৫ বার বাস্তুচ্যুত হয়েছে। তাঁর সামনে এখন একটাই প্রশ্ন, আবার বৃষ্টি এলে তাঁরা কিসের মধ্যে থাকবেন? আল-জাওয়ায়দায় নিজের তাঁবু ডুবে যাওয়ার পর তিনি আল-জাজিরাকে বলেন, ‘আমরা চাই এসব তাঁবুর বদলে ক্যারাভ্যান (ভ্রাম্যমাণ ঘর) দেওয়া হোক। সাধারণ একটি ক্যারাভ্যান হলেও তা এর চেয়ে ভালো হতো।’