
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ২০ দিনে গড়িয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে নির্বিচার বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এ সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো—
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইসরায়েল ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর করার পর ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকার ৭ হাজার ২৮ জন নিহত হয়েছেন। এর প্রায় অর্ধেকই শিশু। শুক্রবার বিকেলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় ৪৮১ জন নিহত হওয়ার তথ্য জানায়।
যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার পর থেকে হামলা জোরদার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বেশি হামলা হচ্ছে গাজা সিটিসহ উপত্যকার উত্তর অংশে। দক্ষিণ অংশেও হামলা জোরদার হয়েছে। এদিকে শুক্রবার রাতে গাজা সিটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা হামাসের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে, যিনি ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন।
কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা দ্রুততার সঙ্গে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে। অব্যাহত এ আলোচনায় ‘বড় সাফল্যের’ কথাও বলা হচ্ছে। এ অগ্রগতিকে গাজায় চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধের ক্ষেত্রে নতুন এক মোড় হিসেবে দেখা হচ্ছে।
গাজায় যুদ্ধবিরতির পক্ষে নয় বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার শুক্রবার আবারও বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি হলে হামাস জিরিয়ে নিয়ে নতুন করে সক্রিয় হয়ে ওঠার সুযোগ পাবে। একই সঙ্গে ইসরায়েলে আবারও সন্ত্রাসী তৎপরতা চালাবে তারা।’
জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আবদুলাজিজ আলওয়াসিল বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের এক বিশেষ অধিবেশনে তিনি বলেন, ‘দ্বিরাষ্ট্র সমাধান ও দখলদারি অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা এর কারণ।’
ত্রাণসহায়তা নিয়ে গাজায় ঢুকেছে আরও ১০টি ট্রাক। কিন্তু চাহিদার তুলনায় তা নগণ্য বলছে দাতব্য সংস্থাগুলো। খাদ্যাভাবে অনেকের দিন কাটছে অর্ধহার–অনাহারে। গাজায় আরও বেশি ও দ্রুত ত্রাণ পাঠানোর সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গাজায় হামলা শুরুর পর থেকে সেখানে জ্বালানি ঢুকতে দেওয়া হচ্ছে না। রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, জ্বালানির সংকটে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ হচ্ছে। হাসপাতালগুলোতে শুধু প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি চালু আছে এখন।
জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় সংস্থাটির ৫৭ জন কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ জনই গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন। অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ বলছে, দ্রুতই ত্রাণসহায়তা বন্ধ হয়ে যাবে।
ফিলিস্তিনের দখল করা পশ্চিম তীরের শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার রামাল্লাসহ অন্য শহরগুলোয় হওয়া এসব বিক্ষোভ থেকে হামাসের সমর্থনে স্লোগান দেন হাজার হাজার ফিলিস্তিনি। এদিনে মিসর, জর্ডান, ইরানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে।
ইসরায়েলের তেল আবিবে একটি আবাসিক ভবনে রকেট হামলা হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। হামলার দায় স্বীকার করে হামাস বলেছে, ইসরায়েলের গণহত্যার জবাব তাদের এই হামলা।
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, সিরিয়ায় মার্কিন সেনা ও সামরিক অবস্থানে হামলার জবাব দিতে পাল্টা এই হামলা চালিয়েছেন তাঁরা। এর আগে সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা করে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী।