মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাস প্রয়োগকারীদের কঠোর শাস্তি হবে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
ছবি: এএফপি

ইরানে মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাসপ্রয়োগের ঘটনায় জড়িত ব্যক্তিদের ‘কঠোর শাস্তি’ পেতে হবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ সোমবার নিজের ওয়েবসাইটে খামেনি এই বার্তা দিয়েছেন।

সরকারি হিসাবে, গত নভেম্বরের শেষ থেকে ইরানে ৫২টির বেশি স্কুলে গ্যাস প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে কয়েক শ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। বিষ প্রয়োগে এসব শিক্ষার্থীর শ্বাসকষ্ট, বমি বমি ভাব ও মাথা ঝিমঝিম লক্ষণ দেখা দিয়েছিল।

বিষ প্রয়োগের ‘রহস্যজনক’ ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করলেন খামেনি। তিনি বলেন, ‘যদি বিষ প্রয়োগের বিষয়টি প্রমাণিত হয়, তবে এটি ক্ষমার অযোগ্য অপরাধ হবে এবং অপরাধীদের অবশ্যই কঠোর শাস্তি দিতে হবে, তাঁদের জন্য কোনো সাধারণ ক্ষমা নেই।’

ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি বলেন, স্কুলছাত্রীদের বিষ প্রয়োগের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে। তাঁদের মৃত্যুদণ্ডের মতো শাস্তিও হতে পারে। তবে ইরান সরকার বিষ প্রয়োগের এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানায়নি।

এর আগে গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মেয়ে শিক্ষার্থীদের বিষ প্রয়োগের ঘটনার নিন্দা জানান। এসব ঘটনাকে ইরানের ‘শত্রুদের একটি নতুন ষড়যন্ত্র’ বলে মন্তব্য করে তিনি বলেন, এই অপকর্মের মধ্য দিয়ে দুর্বৃত্তরা শিক্ষার্থী, শিশু ও তাদের বাবা–মায়েদের মনে ভয় ঢুকিয়ে দিতে চাইছে।

ইরানের সংস্কারবাদী পত্রিকা ‘ইতেমাদ’ জানিয়েছে, শিক্ষার্থীদের বিষ প্রয়োগের এসব ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সোমবার সাংবাদিক আলী পুরতাবাতাবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কওমনিউজ ওয়েবসাইটের সংবাদকর্মী।