ইতিহাসের এই দিনে: সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথেরিনের অভিষেক

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২২ সেপ্টেম্বর। চলুন দেখি বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

রুশ সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথেরিনের প্রতিকৃতি
ছবি: টুইটার থেকে নেওয়া

রুশ সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথেরিন। টানা ৩৪ বছর রাশিয়া শাসন করেন তিনি। তাঁর হাত ধরে রুশ সাম্রাজ্য ইউরোপে শক্ত ভিত্তি পায়। বিস্তার ঘটে সাম্রাজ্যের সীমানা। সম্রাট তৃতীয় পিটার ছিলেন দ্বিতীয় ক্যাথেরিনের স্বামী। সম্রাট তৃতীয় পিটারকে ক্ষমতা থেকে হটিয়ে সিংহাসনে বসেছিলেন দ্বিতীয় ক্যাথেরিন। ১৭৬২ সালের ২২ সেপ্টেম্বর মস্কোয় জমকালো আয়োজনে অভিষেক হয়েছিল এই সম্রাজ্ঞীর।

আবু সিম্বেল মন্দির

মিসরের প্রাচীন মন্দির আবু সিম্বেল। বিশাল মূর্তির কারণে এ মন্দিরের আলাদা খ্যাতি রয়েছে। ১৯৬৮ সালের এই দিনে ইউনেসকোর নেতৃত্বে একদল প্রকৌশলী মন্দিরটি পুনরায় একত্র করেন। এটিকে এর আগের জায়গা থেকে ২১০ ফুট উঁচুতে বসানো হয়। নাসের হ্রদের পানি থেকে মন্দিরটিকে রক্ষায় এমনটা করা হয়েছিল।

গাড়িমুক্ত দিবসের সূচনা

ফ্রান্সের প্যারিসের সড়কে বসে কারমুক্ত দিবস পালন করছেন কয়েকজন

পরিবেশের ওপর মোটরগাড়ির নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতিবছর ২২ সেপ্টেম্বর পালিত হয় গাড়িমুক্ত দিবস। বিশ্বের ৭০০টির বেশি শহরে একযোগে দিবসটি পালন করা হয়। বছরের এই দিনে মানুষ ব্যক্তিগত গাড়ি রেখে হেঁটে, সাইকেলে কিংবা গণপরিবহনে চলাচল করেন। দিবসটি পালন করা শুরু হয়েছে ২০০০ সাল থেকে।

মাইকেল ফ্যারাডের জন্মদিন

ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্মদিন আজ। ১৭৯১ সালের ২২ সেপ্টেম্বর জন্মেছিলেন তিনি। বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন খ্যাতনামা এই বিজ্ঞানী।