একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ২৩ ডিসেম্বর, শনিবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া ভারত, ইরান, ফ্রান্সসহ আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে। সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ত্রাণের খাবারের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে শিশু–কিশোরেরা
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় সংঘাতে লিপ্ত সব পক্ষের প্রতি পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। গতকাল শুক্রবার এ নিয়ে ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। তাতে গাজায় ‘নিরাপদে ও বাধাহীনভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে’ চলমান সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে যুদ্ধবিরতি ‘খুবই প্রয়োজনীয়’ ছিল বলেছে অ্যামনেস্টি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, গাজায় সহায়তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ‘সমঝোতার প্রস্তাব’ পাস করেছে। ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে এটি ‘খুবই প্রয়োজনীয়’ ছিল। তবে এই সহায়তা প্রস্তাবকে ‘দুঃখজনকভাবে অপর্যাপ্ত’ বলেছেন তিনি।

গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ করে দিতে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে

এদিকে এক বিবৃতিতে হামাস বলেছে, ত্রাণ বাড়াতে পাস করা এই প্রস্তাব অবরুদ্ধ গাজাবাসীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। হামাস আরও বলেছে, এমন দুর্বল ও ফাঁপা প্রস্তাব পাস করার পেছনে যুক্তরাষ্ট্র যথেষ্ট ভূমিকা রেখেছে।

প্রেসিডেন্ট জো বাইডেন

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের গত ৭ অক্টোবর চালানো হামলায় গ্যাড হাগাই নামের এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এ খবর শোনার পর ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন।

সিডিসি বলেছে, করোনাভাইরাসের জেএন.১ উপধরনে আক্রান্তের হার ক্রমে বাড়ছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৯ থেকে ৫০ শতাংশই জেএন.১ উপধরনে আক্রান্ত হচ্ছেন। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সংক্রমণের প্রবণতা বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে। শুক্রবার সিডিসির পক্ষ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সংক্রমণের সম্ভাব্য এ চিত্রের কথা জানানো হয়েছে।

উড়োজাহাজের প্রতীকী ছবি

মানব পাচার সন্দেহে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় ভাত্রি বিমানবন্দরে যাত্রীবাহী একটি উড়োজাহাজকে বসিয়ে রাখা হয়েছে। বিরতির জন্য অবতরণ করার পর উড়োজাহাজটিকে আর উড়তে দেওয়া হয়নি। উড়োজাহাজটিতে ৩০৩ ভারতীয় যাত্রী ছিলেন।

উদ্ধারকারী সেই ১২ কয়লাশ্রমিকের হাতে চেক তুলে দেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ২১ ডিসেম্বর

‘অসম্মানিত’ বোধ করছেন ভারতের উত্তরাখন্ড রাজ্যের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকারী সেই ১২ ‘র‌্যাট হোল মাইনার’। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির দেওয়া ৫০ হাজার রুপির চেক তাঁরা অনিচ্ছা সত্ত্বেও শর্ত সাপেক্ষে গ্রহণ করেছেন। উত্তরাখন্ড সরকারের কর্তাদের এই খনিশ্রমিকেরা জানিয়ে দিয়েছেন, চেক তাঁরা নিচ্ছেন, তবে ভাঙাবেন না।

প্রাগে বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় বন্দুকধারীর উদ্দেশ্য জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ভয়াবহ এ হামলায় বন্দুকধারীসহ ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার প্রাগের চার্লস ইউনিভার্সিটির কলা অনুষদে ওই হামলার ঘটনা ঘটে।