নাসিরুদ্দিন হোজ্জা জলবায়ু সম্মেলনে গেলে হয়তো মনে করিয়ে দিতেন, ‘এটাই আপনার শেষ ঠিকানা’

তুরস্কে নাসিরুদ্দিন হোজ্জা ভীষণভাবে সম্মানিত। তাঁর স্মৃতিময় স্থানগুলো অন্যতম দর্শনীয় এলাকা। দেশটির কোনিয়া জেলার অনেক দোকানে হোজ্জার এমন রেপ্লিকা ও নানা স্মারক বিক্রি হয়
ছবি: পাভেল পার্থ

রসবোধ, ব্যঙ্গ, দার্শনিকতার মিশেলে গল্পের জন্য তুরস্কের নাসিরুদ্দিন হোজ্জা বিশ্বময় জনপ্রিয়। হোজ্জার একটি গল্প আছে। গল্পটি তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত দ্য ফিলোসফারস ফিলসফার: নাসিরুদ্দিন হোজ্জা বইয়েও আছে।

গল্পটা হলো, ক্ষমতাশালী তৈমুর লং একদিন হোজ্জাকে এক ঝুড়ি পিচ ফল দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দিতে বলেন। বাড়িতে না গিয়ে হোজ্জা ফলের ঝুড়িটি কবরস্থানে রেখে আসেন। প্রাসাদে ফিরে ফলের ঝুড়ি না পেয়ে তৈমুর লং রেগে যান এবং হোজ্জাকে তলব করেন। হোজ্জা তৈমুরকে কবরস্থানে নিয়ে গিয়ে বলেন, এই যে আপনার বাড়িতেই ফল রেখেছি। আপনি তো চিরকাল বেঁচে থাকবেন না। একদিন আপনার ক্ষমতা, খ্যাতি, প্রাসাদ সবই হারিয়ে যাবে; আর এটাই হবে আপনার শেষ ঠিকানা। ক্ষমতার দম্ভে অস্থির শাসককে হোজ্জা মনে করিয়ে দিতে পেরেছিলেন, কোনো ক্ষমতার কাঠামোই পৃথিবীতে চিরস্থায়ী নয়।

তুরস্কের আন্তালিয়ায় চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলনের (কপ৩১) লিডার্স সামিটে অংশ নেয়নি যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর ও কার্বন নির্গমনকারী অনেক দেশ। আবার নানাদিক থেকে ক্ষমতাধর যে দেশগুলো এই সম্মেলনে যোগ দিয়েছে, তারাও দূষণ কমানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকারে অনাগ্রহী। আর শক্তিশালী বৈশ্বিক করপোরেট প্রতিষ্ঠানগুলো তো আছেই, যারা বিভিন্ন জলবায়ু সম্মেলনে নিজেদের উপস্থিতি জানিয়ে ক্ষমতা দেখিয়েই যাচ্ছে।

গতকাল ছিল জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিন। শিশু, তরুণ, শিক্ষা ও দক্ষতার আলাপ দিয়ে শুরু হয় গতকালের সম্মেলন। তুরস্কের আন্তালিয়ায় যখন জলবায়ু সম্মেলন চলছে, তখন দেশটির আরেক দিকে আকবেলেন বন রক্ষায় চলছে আন্দোলন। ২০০ জাতের উদ্ভিদ, ১০০ প্রজাতির পাখি ও ৩০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস এই প্রাচীন বন ও তার আশপাশের গ্রামগুলো কয়লাখনির কারণে ঝুঁকির মুখে দাঁড়িয়ে। নেজলা ইশক গ্রামবাসীদের নিয়ে গড়ে তুলেছেন এই আন্দোলন।

এই জলবায়ু সম্মেলনে হোজ্জা এলে হয়তো কার্বন–দূষণের মূল উৎস উন্নত ও ধনী এবং ক্ষমতাশালী দেশগুলোকেও মনে করিয়ে দিতেন, ‘কোনো ক্ষমতার কাঠামোই পৃথিবীতে চিরস্থায়ী নয়।’

মনে পড়ে, ১৯৯৭ সালের ১৪ জুন অঙ্গার হয়ে যাওয়া বাংলাদেশের ছোট্ট বন লাউয়াছড়ার কথা। গ্যাস জরিপ ও খননের নামে মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল, ইউনোকল ও শেভরন বনটিকে তছনছ করে ফেলেছিল। কৃষিজমি ও গ্রাম রক্ষায় দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি–বিরোধী আন্দোলনে ২০০৬ সালে পুলিশের গুলিতে প্রাণ দেয় তিন কিশোর—তরিকুল, সালেকীন ও আল-আমিন। 

নিদারুণ পরিহাস হলো আকবেলেন বনে কয়লাখনি সম্প্রসারণের জন্য দায়ী লিমাক হোল্ডিং এবং আইচি হোল্ডিং কোম্পানিগুলো এই জলবায়ু সম্মেলনের সরকারি তালিকায় ‘ক্লাইমেট সাপোর্টার্স’। সম্মেলনস্থলের ব্লুজোনে বিশাল বোর্ডে কোম্পানিগুলোর লোগো টানানো হয়েছে। জলবায়ুমঞ্চ ক্রমেই ভুক্তভোগী ও সুরক্ষাকারী জনতার অধিকারের আওয়াজকে আড়াল করে করপোরেট লবিস্টদের জায়গা দিয়েছে। 

জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘গ্লোবাল উইটনেসের’ ২০২৩ এবং ২০২৪ সালের প্রতিবেদনে দেখা যায়, ২৮তম জলবায়ু সম্মেলনে ২ হাজার ৪৫৬ এবং ২৯তম সম্মেলনে ১ হাজার ৭৭৩ জন জীবাশ্ম জ্বালানি লবিস্ট উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার লেখক শ্যারন বেডার তাঁর গ্লোবাল স্পিন: দ্য করপোরেট অ্যাসাল্ট অন এনভায়রনমেন্টালিজম (১৯৯৭) বইয়ে দেখিয়েছেন, করপোরেট লবিং পরিবেশনীতিকে প্রবলভাবে প্রভাবিত করে। 

জলবায়ু সংকটের জন্য দায়ী বিশ্বের বৃহৎ দূষণকারীদের জলবায়ু সম্মেলনের বাইরে রাখার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। আন্তালিয়া, তুরস্ক, ১৩ নভেম্বর ২০২৬

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং জ্বালানি রূপান্তরের প্রতিশ্রুতি দেওয়া জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি কোম্পানি ও বৃহৎ দূষণকারীদের জায়গা না দিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জলবায়ুকর্মীরা। সম্মেলনের পঞ্চম দিনে ব্লুজোনের ফুড এরিয়ায় ‘বিগ পলিউটারস কিক আউট’ স্লোগানে মুখর এই কর্মসূচিতে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও উপস্থিত ছিলেন।

জলবায়ু সম্মেলনের প্রথম পাঁচ দিনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা নিয়ে রাষ্ট্রপক্ষগুলোর ভেতরে মতবিরোধ স্পষ্ট হয়েছে। ১১ নভেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তেল, কয়লা ও গ্যাসনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে ন্যায্য রূপান্তরের আহ্বান জানান; কিন্তু সৌদি আরব ও রাশিয়ার মতো জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো লক্ষ্যমাত্রা নিয়ে আপত্তি জানাচ্ছে। তুরস্ক ২০৩৫ সালের ভেতরে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুৎ খাতের অংশ ৩৫ শতাংশ করার প্রস্তাব দিলেও নবায়নযোগ্য উৎসকে বাধ্যতামূলক করেনি। ন্যায্য রূপান্তর কর্মসূচির পর্যালোচনায় শ্রমিকদের অধিকার সুরক্ষা বিষয়ে আলোচনা হলেও জীবাশ্ম জ্বালানি বন্ধের কোনো বাধ্যতামূলক সময়সীমা বা নতুন চুক্তি হয়নি।

ক্ষমতাকাঠামো বদলের আলাপ জরুরি 

সম্মেলনের পঞ্চম দিন রাতের বেলায় ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলংকা, যুক্তরাজ্য, ফিলিপাইন, ইরাক, আলজেরিয়া, কেনিয়া ও উগান্ডার জলবায়ু ও অধিকারকর্মীদের সঙ্গে রাতে আন্তালিয়ার ইসরেতপাশার এক রেস্তোরাঁয় বিশ্ব জলবায়ু রাজনীতির আড্ডায় শামিল হই। বিশ্বব্যাপী জলবায়ু, যুদ্ধ, বাণিজ্য, আদিবাসী, কৃষক, গ্রামীণ জনগোষ্ঠী, ডানপন্থার উত্থান, বামপন্থী আন্দোলনের সাফল্য–ব্যর্থতা, সিনেমা, জেন্ডার, প্রিয় বইয়ের আলাপ শুরু হয় নানান পদের তুর্কি খাবারের সঙ্গে। 

তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনের (কপ ৩১) স্পনসর বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে লোগো সংবলিত বোর্ড

কানাডার লেখক নাওমি ক্লেইন ‘দিস চেঞ্জেস এভরিথিং: ক্যাপিটালিজম ভার্সেস দ্য ক্লাইমেট’ লেখায় দেখিয়েছেন, জলবায়ু সংকট কেবলমাত্র কার্বন নিঃসরণের গণিত নয়, এটি মুনাফানির্ভর পুঁজিবাদী অর্থনীতির কাঠামোগত সংকট। করপোরেট ক্ষমতা ও বাণিজ্যের অবাধ বিস্তার ও মুনাফা প্রবৃদ্ধির দর্শনই প্রাণ-প্রকৃতিকে বিপন্ন করছে। এ ক্ষেত্রে বাজারনির্ভর সমাধানের বিপরীতে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে সামাজিক ন্যায্যতাভিত্তিক অর্থনৈতিক রূপান্তর নিশ্চিত করতে হবে। সুইডিশ লেখক আন্দ্রিয়াস মালমের ফসিল ক্যাপিটাল: দ্য রাইজ অব স্টিম পাওয়ার অ্যান্ড দ্য রুটস অব গ্লোবাল ওয়ার্মিং নামের বইয়ে জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রযুক্তির পরিবর্তন নয়; বরং বিদ্যমান পুঁজির ক্ষমতা ও অথনৈতিক সম্পর্কের মৌলিক রূপান্তর নিয়ে আলাপ আছে। 

সমাধানের মিথ্যা প্যাকেজ আর নয়

জলবায়ু সম্মেলনের পঞ্চম দিন ‘কাউন্টারিং করপোরেট পাওয়ার: মেকিং পলিউটার্স পে ফর আ ফেয়ার, ফাস্ট অ্যান্ড ফুল ফসিল ফুয়েল ফেজআউট’ শীর্ষক এক অধিবেশনে বক্তারা করপোরেট ক্ষমতার বলয় থেকে পৃথিবীকে জীবাশ্ম জ্বালানিমুক্ত করতে নাগরিক রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ‘ইউনাইটডে স্টেটস ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’, জাস্ট ট্রানজিশন অ্যালায়েন্স, ওয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল, ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ সংগঠনগুলো যৌথভাবে অধিবেশনের আয়োজন করে। 

সম্মেলনে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক ওয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের প্রতিনিধি কল্লিন অ্যান্ড্রু রিজ বলেন, যুক্তরাষ্ট্র চাইলে জীবাশ্ম জ্বালানি কমিয়ে সৌর ও বায়ুচালিত নবায়নযোগ্য জ্বালানি খাত গড়ে তুলতে পারে; কিন্তু এ জন্য অবশ্যই সরকারের রাজনৈতিক অবস্থান, দর্শন ও সদিচ্ছা দরকার। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার ও পরিবেশ মানবাধিকারের বিষয়গুলো তুলে ধরেছে তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনে

ইরাক থেকে আসা ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিনিধি রাদ কুর্দি আবু জোঘাইদার সঙ্গে আলাপ হয় ইরাক প্যাভিলিয়নের সামনে। তিনি জানান, জীবাশ্ম জ্বালানি দখলের জন্য এক প্রাচীন সভ্যতার দেশকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। মানুষের জীবিকা, উৎপাদনব্যবস্থা—সবকিছু বদলে গেছে। পাশাপাশি অনাবৃষ্টির কারণে পানিসংকট তীব্রতর হচ্ছে। জীবাশ্ম জ্বালানি কেবলমাত্র জলবায়ু পরিবর্তন ঘটায় না; বরং ভূরাজনৈতিক কর্তৃত্ব এবং যুদ্ধের মতো সহিংসতাকেও প্রভাবিত করে। 

চিলি থেকে সম্মেলনে যোগ দেওয়া মাপুচি আদিবাসী নেতা ভ্যালেরিয়া ড্যানিয়েলা সুপালভেডা গত শুক্রবার আদিবাসী প্যাভিলিয়নের এক অধিবেশনে বলেন, ‘খাদ্য ও জ্বালানির বিষয়গুলো আমাদের মৌলিক অস্তিত্বের সঙ্গে জড়িত। এই আলাপকে ঔপনিবেশিকতা এবং করপোরেটায়নের বাইরে রাখতে হবে।’ 

জলবায়ু সম্মেলনে কার্বন–বাণিজ্য, কার্বন অফসেট, কার্বন বাজার নিয়ে বহু প্রযুক্তি প্যাকেজ তুলে ধরছেন অনেকে। আবার একই সঙ্গে এসব প্যাকেজকে ‘মিথ্যা সমাধান’ হিসেবে চিহ্নিত করে প্রমাণসমেত বিরোধিতাও করছেন বহু আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি ও সংগঠন। জিম্বাবুয়ে সরকার তাদের প্রদর্শনী স্টলে দেখাচ্ছে, বুনো হাতি প্রায় ৭ শতাংশ কার্বন সঞ্চয় করে। এ ছাড়া বিভিন্ন বন্য প্রাণীর কার্বন সঞ্চয়ের অবদানকে বর্ণনা করে তারা বন্য প্রাণীনির্ভর কার্বন ক্রেডিটের প্যাকেজ উপস্থাপন করছে। আবার ‘নো আরইডিডি প্লাস ইন আফ্রিকা নেটওয়ার্ক’ নামের একটি সংগঠন একটি অবস্থানপত্র প্রকাশ করে বিলি করছে।

খাদ্য ও জ্বালানির বিষয়গুলো আমাদের মৌলিক অস্তিত্বের সঙ্গে জড়িত। এই আলাপকে ঔপনিবেশিকতা এবং করপোরেটায়নের বাইরে রাখতে হবে।
ভ্যালেরিয়া ড্যানিয়েলা সুপালভেডা, মাপুচি আদিবাসী নেতা

যেখানে তারা বলছে, ‘সিংহ আফ্রিকার রাজা, ইউরোপের কার্বন বর্জ্যাগার নয়।’ উন্নত ও ধনী দেশের ভোগবিলাসিতাকে বহাল রেখে কার্বন দূষণের মূল উৎস বন্ধ না করে, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের জঙ্গল, জলাভূমি কিংবা বন্য প্রাণী নিয়ে কার্বন–বাণিজ্যের উসকানি বন্ধের দাবি জানাচ্ছেন অনেকেই।

সম্মেলন উপলক্ষে দ্য পাওয়ার অব দ্য ৯৯% টু স্টপ করপোরেট ক্যাপচার: ক্লাইমেট ফলস সলিউশন নামের একটি কমিক বই প্রকাশ করেছে ইএসসিআর-নেট ও লুসিড জাগো। বইটিতে তারা দেখিয়েছে, ১ ভাগ ক্ষমতার ভিত্তি ভেঙে পৃথিবীর ৯৯ ভাগ মানুষই পারে জলবায়ুর গল্পটি বদলে দিতে। 

এই জলবায়ু সম্মেলনে হোজ্জা এলে হয়তো কার্বন–দূষণের মূল উৎস উন্নত ও ধনী এবং ক্ষমতাশালী দেশগুলোকেও মনে করিয়ে দিতেন, ‘কোনো ক্ষমতার কাঠামোই পৃথিবীতে চিরস্থায়ী নয়।’

হোটেলের বারান্দা থেকে আন্তালিয়ার রাতের দিকে তাকিয়ে তুরস্কের পরিবেশ আন্দোলনের পথিকৃৎ হায়রেত্তিন কারাজা ও নেহাত গোকিয়েতের কথা খুব মনে পড়ে। বন সুরক্ষা, ভূমিক্ষয় রোধ ও মরুকরণ প্রতিরোধে তারা কি দুর্বার গণ–আন্দোলন গড়ে তুলেছিলেন।