আফ্রিকার নেতাদের শান্তি পরিকল্পনা ‘সতর্কতার সঙ্গে বিবেচনা’ করার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে দেওয়া শান্তি পরিকল্পনা গ্রহণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিকার নেতারা। একই সঙ্গে ‘কৃষ্ণসাগর শস্যচুক্তি’তে ফিরতে তাঁর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দুই দিনব্যাপী রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের শেষ দিন গতকাল শুক্রবার এ আহ্বান জানান নেতারা।
রাশিয়ার সরাসরি সমালোচনা না করলেও, পুতিনের সঙ্গে সম্মেলনের দ্বিতীয় দিনে আফ্রিকার দেশগুলোর বক্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমন্বিত ও জোরালো। আফ্রিকার নেতাদের শান্তি প্রস্তাব ‘সতর্কতার সঙ্গে বিবেচনা’ করার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
মূলত ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে এ আহ্বান জানিয়েছে আফ্রিকার দেশগুলো। পুতিন ও আফ্রিকার নেতাদের উদ্দেশে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মোহাম্মদ বলেন, এই যুদ্ধের অবশ্যই অবসান হতে হবে। কেবল ন্যায্যতা ও যৌক্তিকতার ওপর ভিত্তি করেই এই যুদ্ধের অবসান হতে পারে।
মুসা বলেন, জ্বালানি ও শস্য সরবরাহের বাধা অবিলম্বে দূর করতে হবে। বিশ্বের সব মানুষের স্বার্থে শস্যচুক্তির মেয়াদ অবশ্যই বাড়াতে হবে, বিশেষ করে আফ্রিকার জনগণের কথা বিবেচনায় নিয়ে।
ইউক্রেন যুদ্ধ অবসানে বেশ কিছু প্রস্তাব দিয়ে আসছিলেন আফ্রিকার নেতারা। গত মাসে তাঁদের দেওয়া শান্তি প্রস্তাব নিয়ে শীতল প্রতিক্রিয়া দেখান পুতিন। তবে গতকাল তিনি বলেন, মস্কো এই প্রস্তাবকে সম্মান জানায় ও সতর্কতার সঙ্গে বিষয়টি বিবেচনা করে দেখবে।
সম্মেলনে কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট দেনিস সাসো এনগুয়েসো বলেন, ‘আফ্রিকার শান্তি উদ্যোগ সর্বাধিক মনোযোগের দাবি রাখে। এটি অবমূল্যায়ন করা উচিত নয়। আমরা আবারও জরুরি ভিত্তিতে ইউরোপে শান্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।’
সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল শান্তিপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আশাবাদ ব্যক্ত করে বলেন, গঠনমূলক আলাপ-আলোচনার মাধ্যমে এই সংঘাতের ইতি ঘটতে পারে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কে দেশটির বাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে নিয়েছে রুশ বাহিনী। একই সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বেশ কিছু হামলা তারা ঠেকিয়ে দিয়েছে।
এদিকে দক্ষিণে সাফল্য পাওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, দোনেৎস্ক অঞ্চলের স্তারোমাইয়োরস্ক গ্রাম সফলভাবে নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। পাশাপাশি পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বেশ কিছু হামলা তারা প্রতিহত করেছে।
আল-জাজিরা জানিয়েছে, আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি। তিনি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।
গতকাল কিয়েভ পৌঁছে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শিমহালের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী।