
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে আদিয়ালা জেলে স্থানান্তরের বিরোধিতা করেছে কারাগারটির কর্তৃপক্ষ। তাঁরা বলছেন, আসামি দিয়ে ঠাসা ওই কারাগারে বুশরা বিবিকে রাখাটা নিরাপদ নয়।
গত মাসে তোশাখানা দুর্নীতির এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। ইমরান খানকে আদিয়ালা জেলে রাখা হলেও বুশরাকে ওই কারাগারে না রেখে বানিগালার বাসভবনে স্থানান্তর করা হয়। ইমরান-বুশরা দম্পতির এ বাড়িকে সাব-জেল ঘোষণা করা হয়েছে।
চলতি মাসে বুশরা বিবি আদালতে আবেদন করেন, তাঁকে যেন আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) বুশরা বিবির আবেদনের শুনানি শুরু করেছে।
আদালতের সামনে হাজির হয়ে আদিয়ালা জেলের সহকারী তত্ত্বাবধায়ক ওয়াকিউজ জামান বলেন, কয়েদিতে ভরা ওই কারাগারে বুশরাকে রাখা হলে তা তাঁর জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।
ওয়াকিউজ জামান আরও বলেন, কারাগারে ২৫০ জনের বেশি নারী কয়েদি আছেন। জায়গা না থাকায় আবেদনকারীকে (বুশরা) কারাগারে রাখা যাচ্ছে না।
কারাগারের ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, তিনিই তাঁর স্ত্রীকে আদিয়ালা কারাগারে ফিরতে বলেছেন।
বুশরা বিবির আবেদনে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি রায় ঘোষণার পর সকাল ১০টার দিকে তিনি জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। তখন আদিয়ালা কারাগারের উপতত্ত্বাবধায়ক বুশরা বিবিকে জানান, তাঁকে অন্য কারাগারে স্থানান্তর করা হবে। পরে তাঁকে তাঁর (বুশরা) বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে জানতে চাইলে কর্মকর্তারা বুশরা বিবিকে বলেন, একই দিনে প্রজ্ঞাপন জারি করে তাঁর বাড়িটিকে সাব-জেল ঘোষণা করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, নিজেদের বাড়িকে সাব-জেল ঘোষণার জন্য আসামিপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। ইসলামাবাদের প্রধান কমিশনার নিজ বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধান কমিশনারের জারি করা ওই প্রজ্ঞাপন বাতিল ঘোষণার জন্য বুশরা বিবি আদালতের কাছে আবেদন জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সাব-জেলে তাঁকে বন্দী রাখার জন্য অজানা কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেব ইসলামাবাদের প্রধান কমিশনারের কাছ থেকে জবাব চেয়েছেন। দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন তিনি।