
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন তাঁর আইনজীবীরা। তোশাখানা দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার আগে আজ দুপুরে ইমরানের সঙ্গে তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর একজন আইনজীবী এমন তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর গত শনিবার (৫ আগস্ট) ইমরান খানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রাজধানী ইসলামাবাদের কাছে অ্যাটক জেলার একটি কারাগারে রাখা হয়েছে। ইমরান অভিযোগ অস্বীকার করে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আজ ইমরানের আইনজীবী নাঈম পানঝুতা বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। আমরা অ্যাটক জেলে পৌঁছে গেছি।’
নাঈম আরও বলেছেন, ইমরান খানের সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো শেষ করার পর রায়ের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়া হবে।
এর আগে ইসলামাবাদে নাঈম সাংবাদিকদের বলেন, ইমরান খানকে কারাগারে অপেক্ষাকৃত ভালো পরিবেশে রাখার জন্য আইনজীবী দলের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।
নাঈমের দাবি, কারাগারে ইমরান খানের এ ক্লাস সেল পাওয়ার অধিকার রয়েছে। কারণ, কারাগারে রাজনৈতিক বন্দীদের টেলিভিশন, সংবাদপত্র এবং বইসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। অথচ ইমরানকে সি ক্লাস সেলে রাখা হয়েছে।
এ ব্যাপারে সরকারের মুখপাত্রের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশ সফরে পাওয়া রাষ্ট্রীয় উপহার কেনাবেচায় ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিযুক্ত হন। এসব উপহারের মূল্য ১৪ কোটি পাকিস্তানি রুপি।
ইমরানের দাবি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাঁকে ঠেকিয়ে রাখতেই সেনাবাহিনী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তবে ইমরানের অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী।