পাকিস্তানে সেই কেব্‌ল কারের মালিক ও পরিচালনাকারী গ্রেপ্তার

আটকে পড়া এক শিশুকে উদ্ধার করছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। গত মঙ্গলবার, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায়
ছবি: রয়টার্স

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় প্রায় ৯০০ ফুট উঁচুতে ঝুলন্ত কেব্‌ল কারে শিশুসহ আটজনের আটকে পড়ার ঘটনায় কেব্‌ল কারের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে কেব্‌ল কারটির পরিচালনাকারীকেও।

আজ বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহির আইয়ুব খান বলেন, ওই দুজনের বিরুদ্ধে নিরাপত্তাসংক্রান্ত সতর্কতা উপেক্ষা করার অভিযোগ আনা হয়েছে। কেননা, তাঁদের কেব্‌ল কার নিরাপদ ছিল না। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দুই দফা সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা তা আমলে নেননি।

গত মঙ্গলবার সকালে খাইবার পাখতুনখাওয়ার ওই কেব্‌ল কারে করে শিশুরা স্কুলে যাচ্ছিল। এ সময় কেব্‌ল কারের একটি তার ছিঁড়ে যায়। এতে শিশুসহ আট আরোহী আটকা পড়েন। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ছয় শিশু রয়েছে। শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

প্রায় ১৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে মঙ্গলবার রাতে শিশুসহ আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়। এ উদ্ধার অভিযানে সামরিক বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হয়।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারী অনেক শিশু স্কুলে যাওয়া-আসার জন্য কেব্‌ল কারের ওপর নির্ভর করে। তবে এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার অভিযোগ আছে।