পুল খেলছেন ম্যাজি কেনেডি
পুল খেলছেন ম্যাজি কেনেডি

৯৮ বছর বয়সেও পুলে অপরাজেয় এই নারী

বয়স কেবল একটি সংখ্যা—এ প্রবাদকে যেন নতুন করে প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের নারী ম্যাজি কেনেডি। ২০২১ সালে ৯৪ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ‘প্রতিযোগিতামূলক পুল খেলোয়াড়’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন তিনি। ৯৮ বছর বয়সেও তিনি সমান সতেজ। তাঁর মধ্যে থামার কোনো লক্ষণ নেই।

সম্প্রতি ম্যাজি ও তাঁর দল ‘সানডে ফানডে’ লাস ভেগাসে অনুষ্ঠেয় ‘বিসিএ ন্যাশনালস পুল লিগ টুর্নামেন্ট’-এ অংশ নিতে গেছেন। ম্যাজি জানান, সেখানে বুধ থেকে রোববার পর্যন্ত প্রতিদিন খেলা চলছে। তবে শুধু পুল খেলা নয়, ক্যাসিনোর স্লট মেশিনগুলোও (জুয়া খেলার বিশেষ ইলেকট্রনিক যন্ত্র) তাঁকে হাতছানি দিয়ে ডাকছে। মজার এই অভিজ্ঞতার অপেক্ষায় তিনি রোমাঞ্চিত।

খেলার মাঠে ম্যাজিকে দেখে অনেকে অবাক হন। তিনি বলেন, ‘আমি এই খেলার প্রেমে পড়ে গেছি। সম্ভবত আমার বয়স দেখে মানুষ বেশি চমকে যায়।’ ৯৮ বছর বয়সে তাঁর নিখুঁত লক্ষ্য আর আত্মবিশ্বাস তরুণ খেলোয়াড়দেরও হার মানায়।

ম্যাজির প্রতি ভালোবাসা থেকে স্থানীয় পুল খেলোয়াড়েরা গত রোববার স্টুয়ার্টের র‍্যাক্স বিলিয়ার্ডসে জড়ো হয়েছিলেন। তাঁর লাস ভেগাস–যাত্রাকে আরামদায়ক করতে তাঁরা দুই হাজার ডলার চাঁদা তুলেছেন। এই টাকা দিয়ে ম্যাজি এবার ফার্স্ট ক্লাস বিমানে উড়ে লাস ভেগাস গেছেন। স্থানীয় বাসিন্দাদের এমন ভালোবাসায় আপ্লুত ম্যাজি বলেন, ‘আমি সত্যি মুগ্ধ ও অভিভূত।’

নিজের এই দীর্ঘায়ু ও প্রাণশক্তির রহস্যও ফাঁস করেছেন ম্যাজি। তিনি বলেন, ভালো বংশগতি এবং ইতিবাচক মানসিকতা তাঁকে সচল রেখেছে।

ম্যাজি বলেন, ‘আমাকে ছোটবেলা থেকে সবার সঙ্গে ভালো ব্যবহার করা এবং হাসিখুশি থাকতে শেখানো হয়েছে। আর এভাবে আমি আজও টিকে আছি।’