কান্টাসের একটি উড়োজাহাজ
কান্টাসের একটি উড়োজাহাজ

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে দিলেন যাত্রী, অতঃপর...

৩৫ হাজার ফুট ওপর দিয়ে ওড়ার সময় কোনো উড়োজাহাজের যাত্রী যদি বলে ওঠেন, ‘একটু বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসি’—তাহলে কী হতে পারে? সম্ভবত তেমনটাই ঘটেছে অস্ট্রেলীয় উড়োজাহাজ সংস্থা কান্টাসের এক ফ্লাইটে। আর সে ‘সিগারেট খাওয়ার ইচ্ছা’ শেষ পর্যন্ত গড়িয়েছে তর্ক, বিশৃঙ্খলা ও কামড়কাণ্ডে! এমনকি অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রগামী ওই উড়োজাহাজকে জরুরি অবতরণও করতে হয়েছে।

গত শুক্রবার বেলা আড়াইটায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসের উদ্দেশে ওড়ে কিউএফ২১ ফ্লাইট। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু প্রায় সাত ঘণ্টা পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে উড়োজাহাজটিকে বাধ্য হয়ে ফরাসি পলিনেশিয়ার রাজধানী পাপিতেতে জরুরি অবতরণ করতে হয়।

অভিযোগ হলো, এক যাত্রী উড়োজাহাজের ভেতরে বিশৃঙ্খল আচরণ শুরু করেছিলেন। একপর্যায়ে তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে দেন। কান্টাসের এক মুখপাত্র বলেন, অন্য যাত্রী ও কেবিন ক্রুরা ফ্লাইট অ্যাটেনডেন্টকে সহযোগিতা করতে এগিয়ে আসেন।

মুখপাত্র আরও বলেন, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের এক নম্বর অগ্রাধিকারের জায়গা। ফ্লাইটে বিশৃঙ্খল বা হুমকিমূলক আচরণের বিষয়ে আমাদের কোনো সহনশীলতা নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুকশিল্পী মাইক গোল্ডস্টেইন প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ওই যাত্রী কেবিন ক্রুদের সঙ্গে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন। তাঁকে উড়োজাহাজের পেছনের দিকে যেতে বলা হলে তিনি বারবার তাঁদের অশালীন ভাষায় জবাব দিচ্ছিলেন।

ভিডিওতে ওই যাত্রীকে করিডরে দাঁড়িয়ে টলতে টলতে কথা বলতেও দেখা যায়। একপর্যায়ে ওই ব্যক্তি বলেন, তিনি নাকি ‘একটা সিগারেট খেতে’ বাইরে যেতে চেয়েছিলেন। জবাবে উড়োজাহাজের এক কর্মী বলেন, তিনি যা-তা রকমের আচরণ করছেন।

তবে ভিডিওতে কথিত কামড় দেওয়ার দৃশ্য দেখা যায়নি।

ফরাসি পলিনেশিয়ার পাপিতেতে অবতরণের পর স্থানীয় কর্তৃপক্ষ ওই যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে নেয়। পরে কান্টাস কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রী ভবিষ্যতে আর কখনো তাদের বা জেটস্টারের কোনো ফ্লাইটে উঠতে পারবেন না।

পাপিতেতে ৩৫ মিনিট অবস্থানের পর উড়োজাহাজটি আবার ডালাসের পথে উড়ে যায়। পরদিন শনিবার সকালে সেটি গন্তব্যে পৌঁছায়।