দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
বলিভিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এল আলতোয় স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বলিভিয়ার উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তা ক্রুজ শহর থেকে উড়ে আসা সামরিক কার্গো উড়োজাহাজটির এল আলতো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং কাছের একটি মহাসড়কে যানবাহনের ওপর আছড়ে পড়ে।
জানা গেছে, অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং কাছের একটি মহাসড়কে যানবাহনের ওপর আছড়ে পড়ে।
দুর্ঘটনার পর এল আলতো আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি সি-১৩০ হারকিউলিস মডেলের। এটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জন্য ব্যাংক নোট নিয়ে যাচ্ছিল।
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ওই ব্যাংক নোটের কোনো ক্রয়ক্ষমতা নেই। সেগুলো সংগ্রহ বা ব্যবহার করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
জনগণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার ও কর্তৃপক্ষকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লোকজন উড়োজাহাজ দুর্ঘটনার এলাকায় গিয়ে ওই ব্যাংক নোটগুলো সংগ্রহের চেষ্টা করছিলেন।