ড্রামের বিবৃতি

আকায়েদের পরিবারকে লক্ষ্যবস্তু করা হয়েছে

আকায়েদ উল্লাহ
আকায়েদ উল্লাহ

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগে আটকের দুই দিন পর দিলরুবা বেগম (৫৪) ও আয়ফা হায়াতকে (২২) ছেড়ে দেওয়া হয়েছে। ৮ নভেম্বর তাঁদের ডিটেনশন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়।
নিউইয়র্কে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে ২০১৭ সালে গ্রেপ্তার হন আকায়েদ উল্লাহ। তাঁর কারণে বিপদে আছেন তাঁর পরিবারের সদস্যরা। আদালতে হাজিরাসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। ৬ নভেম্বর পরিবারসহ ফেডারেল প্লাজায় হাজিরা দিতে গেলে ইমিগ্রেশন বিভাগ আকায়েদের মা দিলরুবা বেগম (৫৪) ও বোন আয়ফা হায়াতকে (২২) আটক করে। সেখান থেকে তাঁদের এলিজাবেথ আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বৈধ অভিবাসী হওয়া সত্ত্বেও তাঁদের অভিবাসনে অনিয়মের কথা বলে আটক করা হয়েছিল। শুরু থেকেই স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন ড্রাম তাঁদের আইনগত সহযোগিতা করে আসছে।
এ নিয়ে ড্রাম তাদের বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সংগঠনটি বলছে, ৫৪ বছর বয়সী দিলরুবা বেগম ও তাঁর মেয়ে ২২ বছর বয়সী আয়ফা হায়াত আমাদের কমিউনিটির দুজন সদস্য। অন্যায়ভাবে আইস কর্তৃপক্ষ তাঁদের আটক করে। তাঁরা আকায়েদ উল্লাহর পরিবারের সদস্য, যিনি টাইম স্কয়ার প্লটে জড়িত ছিলেন। টাইম স্কয়ারের ঘটনার পর থেকেই পুরো পরিবারকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। গত তিন সপ্তাহ আগে আইস আকায়েদ উল্লাহর ভাইয়ের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাঁকেও আটক করেছে। ৬ নভেম্বর আইস কর্তৃপক্ষ আকায়েদ উল্লাহর মা ও বোনকে আইস অফিসে দেখা করার জন্য ডাকে। তাঁরা সেখানে গেলে আটক করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১০ বছর ধরে তাঁরা উভয়ই গ্রিন কার্ডধারী। দিলরুবা বেগম শারীরিকভাবে অসুস্থ। আয়ফা কলেজ ছাত্রী। আটক হওয়ার কারণে আয়ফা ক্লাস ও পরীক্ষা দিতে পারছেন না। আকায়েদ উল্লাহর ঘটনায় জড়িয়ে এই পরিবারের সঙ্গে যা করা হচ্ছে তা অন্যায় এবং এক ধরনের প্রতিশোধ পরায়ণতা। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কার্যক্রমের কারণে আমরা কোনো ভাবেই পুরো পরিবারকে শাস্তি দেওয়ার এই কার্যক্রমকে অনুমোদন দিতে পারি না।
বিবৃতিতে ড্রাম আরও বলেছে, অভিবাসনগত অবস্থান অথবা পরিবারের সদস্যদের কাগজপত্রের তোয়াক্কা না করে আইস এই পরিবারকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আটকের পর থেকে জেলের ভেতর তাঁদের হালাল খাবার সরবরাহ করতে অস্বীকার করা, হিজাব পড়তে বাধা দেওয়া, পুরো শরীর ঢেকে কাপড় পড়তে বাধা দেওয়াসহ নানা রকম অত্যাচার করা হয়। আমরা এটিকে অভিবাসী সম্প্রদায়ের ওপর অনিবন্ধিত অভিবাসীদের পাশাপাশি আইনি অবস্থান এবং এমনকি নাগরিকত্বপ্রাপ্ত অভিবাসীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণের অংশ হিসেবে দেখছি। ড্রাম বলছে, আইস খুব পছন্দ করে যেন আমরা আক্রান্ত হলেও চুপচাপ থাকি। এতে খুব সহজেই তারা আমাদের একে অপরের থেকে বিচ্ছিন্ন রাখে। তাহলে আমাদের আক্রমণ করা এবং আমাদের বিরুদ্ধে কাজ করা খুব সহজ হয়। এ কারণে আমরা সব সময় সবাইকে সুসংগঠিত হতে বলি এবং সংগঠনের সঙ্গে জড়িত হতে বলি যা আমাদের পরস্পরের সুরক্ষায় কার্যকর। আমরা অবশ্যই আমাদের কমিউনিটির সুরক্ষার জন্য লড়াই করব।