
মুসলিম কংগ্রেসউইম্যান ইলহান ওমরকে ভালোবেসে স্বামী সংসার ত্যাগ করেছেন—এমন অভিযোগে মামলা করেছেন এক নারী। গত ২৭ আগস্ট মামলা করা ওয়াশিংটন ডিসির এ নারী পেশায় চিকিৎসক। বেথ ম্যানেট নামের এ নারীর দাবি, পেশায় পলিটিক্যাল কনসালট্যান্ট স্বামীর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবন তাঁর। কিন্তু এখন এ সংসার ভাঙছে, যার কারণ হিসেবে তিনি আমেরিকার যুব প্রজন্মের ক্রেজ ডেমোক্রেটিক দলের ইলহান ওমরকে সরাসরি দায়ী করেছেন।
অভিযোগে বেথ ম্যানেট বলেন, প্রতারক স্বামী টিম ম্যানেট গত এপ্রিলে বিচ্ছেদের কথাটি তাঁকে জানান। একই সঙ্গে জানান, সোমালি-বংশোদ্ভূত কংগ্রেসউইম্যানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। এর কিছুদিন পরই মিনেসোটা থেকে নির্বাচিত এ কংগ্রেস সদস্যের সঙ্গে তাঁর স্বামীর প্রেমের কথা তিনি জানেন। ক্ষিপ্ত স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁর সঙ্গে প্রতারণা করছে।
ওয়াশিংটন ডিসি সুপিরিয়র কোর্টে এ বিষয়ে মামলা দায়েরের পর বিষয়টি আমেরিকার রক্ষণশীল সংবাদমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রচার হয়। বিভিন্ন পত্রিকার প্রতিবেদনমতে, বেথ ম্যানেট (৫৫) পেশায় একজন চিকিৎসক। তাঁর স্বামী টিম ম্যানেটের বয়স ৩৮ বছর। তাঁদের ১৩ বছরের একটি ছেলে রয়েছে। ম্যানেট দম্পতির ২০১২ সালে বিয়ে হলেও বিয়ের ছয় বছর আগে থেকেই তাঁরা এক সঙ্গে ছিলেন। টিম ম্যানেট ইলহান ওমর ও তাঁর মিনেসোটার পূর্বসূরি কিথ এলিসনের মতো বামপন্থী ডেমোক্র্যাটদের পক্ষে কাজ করেছেন।
আদালতের নথিসূত্রে জানা যায়, এই দম্পতি ২০১৮ সাল থেকে আলাদা থাকছেন। বেথ অভিযোগ করেছেন, ইলহান ওমরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্বামী। স্বামীর প্রতারণার কারণে তাঁর নিজের অনেক ক্ষতি হয়েছে। বিয়ে টেকাতে তিনি চেষ্টা করতেও রাজি ছিলেন। কিন্তু টিম ম্যানেট সাফ জানিয়ে দেন, এটি তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে এই দাম্পত্য সম্পর্ক ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তাঁর।
বেথ ম্যানেট আদালতের কাছে ওয়াশিংটন ডিসিতে তাঁদের বাড়ির পূর্ণ অধিকার দাবি করেছেন। একই সঙ্গে শিশু সহায়তাসহ আইনি সব পদক্ষেপের জন্য ফি দাবি করেছেন তিনি।
এ বিষয়ে টিম ম্যানেট ও ইলহান ওমরের কোনো মন্তব্য মার্কিন সংবাদমাধ্যমে আসেনি।
উল্লেখ্য, ৩৭ বছর বয়সী তিন সন্তানের মা ইলহান ওমর এই মুহূর্তে আমেরিকায় সবচেয়ে আলোচিত রাজনীতিকদের মধ্যে একজন। তাঁর নির্বাচনী ব্যয়ের তহবিল সংগ্রহের পরামর্শ, ডিজিটাল যোগাযোগ, ইন্টারনেট বিজ্ঞাপন ও ভ্রমণ ব্যয়ের জন্য ২০১৮ সাল থেকে তাঁর প্রচার দল টিম ম্যানেট ও তাঁর গ্রুপকে আনুমানিক প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার দেওয়া হয়। ওমরের স্বামী আহমেদ হিরসি একজন সাবেক ব্যাংকার, যিনি গত বছর মিনেসোটা সিটি কাউন্সিলম্যানের একজন সিনিয়র নীতিনির্ধারক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে আহমেদ নূর সাইদ নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল ইলহান ওমরের।