উপস্থাপনায় যখন ভয়

ধরুন আপনি একটি দুর্দান্ত বিষয়ে গবেষণা সম্পন্ন করেছেন বা একটি নতুন আইডিয়া বাস্তবায়নের পথে চলছেন। সেই আইডিয়া বা গবেষণা হাজারো দর্শকের সামনে উপস্থাপন করতে হবে। কিন্তু আপনি আগে কখনো উপস্থাপন করেননি। তাহলে কীভাবে সফল হবেন?

এ বিষয়ে উপস্থাপনা বিশেষজ্ঞ ডিন মিনুতো ফোর্বসকে বলেন, ‘আপনার অধিবেশনের আগে নিজেকে প্রস্তুত করা জরুরি এবং আপনার মনে সাফল্যের জন্য জায়গা তৈরি করা উচিত। আমি একা গত ১০ বছরে হাজারো শ্রোতার সামনে বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করেছি। সুতরাং, শ্বাস নিন (যদি আপনি উদ্বেগ বোধ করেন তবে লিম্বিক সিস্টেমে জড়িত হন), হাসুন এবং নিজেকে স্মরণ করিয়ে দিন-আপনি এখানে এসেছেন কিছু বদলাতে, কিছু পার্থক্য সৃষ্টি করতে এবং আপনার বার্তা সবাইকে জানাতে।’

এবার উপস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের দেওয়া কিছু টিপস জেনে নিন—

প্রথম আলো উত্তর আমেরিকা স্বপ্নগামী অভিবাসীদের পথ দেখাতে প্রতি মাসের শেষ সংখ্যায় ‘উত্তরের পথে’ প্রকাশ করছে। প্রবাসে নানা সমস্যার সমাধান এবং সফলতার কাহিনি নিয়ে সাজানো ‘উত্তরের পথে’ সব সময় প্রবাসীদের সঙ্গে থাকতে চায়। ‘উত্তরের পথে আপনার সঙ্গে’ স্লোগান নিয়ে বাঙালির ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়নের সঙ্গী হতে নানা পরামর্শমূলক তথ্য দেওয়ার চেষ্টা করছে। আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের প্রথম আলো উত্তর আমেরিকা অফিসে যোগাযোগ করতে পারেন।

—রাজুব ভৌমিক।

শ্রোতার সংখ্যা ব্যাপার নয়

আপনার সামনে কত শ্রোতা আছেন তা বিবেচ্য নয়। দর্শক সারি থেকে একজনকে বাছাই করে তাঁর উদ্দেশ্যে আপনার ধারণা উপস্থাপন করুন। উপস্থাপনের সময় প্রতি মিনিট উপভোগ করার চেষ্টা করুন। আপনি কথা বলুন, কেউ হয়তো নোট নেবেন বা কেউ শুনবেন। এ নিয়ে বিব্রত হওয়ার কোনো কারণ নেই। আসলে সবাই এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছেন। সেটা মনে রাখা উচিত।

শ্রোতাদের সম্পৃক্ত করুন

উপস্থাপনের শুরুতে শ্রোতাদের আগেই বলে দিন আপনার বৃহত্তম পয়েন্ট। সেগুলোর হাইলাইট বা ফ্রেমিং তৈরি করুন। শ্রোতাদের কাছ থেকে প্রশ্ন নিন এবং যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনার কাছে কোনো উত্তর না থাকলে সেই প্রশ্নের উত্তর সংগ্রহ করে পরে জানাবেন সেটা বলতে পারেন। এক সঙ্গে অনেক বিভাগ নিয়ে আলোচনা করবেন না। এতে শ্রোতার মনযোগ ক্ষুণ্ন হয়। একই বিষয়ের তিন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ে আলোচনা করুন।

কোন মস্তিষ্ক আপনাকে কতটা মনোযোগ দেবে তার একটি সীমা রয়েছে—একে জ্ঞানীয় ব্যয় বলা হয়। শ্রোতারা আপনার কথায় মনোযোগ দেওয়ার জন্য শক্তি ব্যয় করছেন। সেটা মনে রাখা উচিত।

সঠিক গল্প বাছাই করুন

প্রকৃতপক্ষে আপনার উপস্থাপনাটি একটি গল্পের মতো। এই গল্পের মধ্যে আরও একটি গল্প প্রয়োজন। আপনাকে উভয় গল্প সঠিকভাবে বলতে হবে। আপনার গল্প অবশ্যই শ্রোতার জীবনের গল্পের সঙ্গে মিল হতে হবে। ধরুন—আপনি উপস্থাপনের সময় বারবার বিজ্ঞানের উদাহরণ দিয়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর চেষ্টা করছেন, এতে শ্রোতার মনযোগ ব্যাহত হবে। কারণ আপনার শ্রোতা ইতিহাস নিয়ে জানতে এসেছেন। ঘন ঘন বিজ্ঞানের উদাহরণ শ্রোতাকে বিব্রত করতে পারে।

রেকর্ডিং ও মহড়া দিন

উপস্থাপনার আগে ঘরে বসে উপস্থাপনাটি রেকর্ডিং করুন এবং মহড়া দিন। প্রথমবার ওই রেকর্ডিং স্পিকারে শুনুন। আপনার বক্তব্যের সত্যতা যাচাই করুন। দ্বিতীয়বার যখন শুনবেন, তখন একজন শ্রোতা হওয়ার ভান করুন, যে আপনাকে চেনে না। তারপর নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। শ্রোতা হিসেবে কেমন লাগল এই উপস্থাপন? আপনি কি আপনাকে পছন্দ করেছেন? আর কী করলে আপনাকে আপনার পছন্দ হতো? তারপর সে অনুযায়ী নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। আবার নিজেকে উপস্থাপনের জন্য প্রস্তুত করুন।