উপস্থাপনা নিয়ে যত ব্যস্ততা সোনিয়ার

শারমিনা সিরাজ সোনিয়া
শারমিনা সিরাজ সোনিয়া

আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে শারমিনা সিরাজ সোনিয়া উপস্থাপনা করেন। সোনিয়া নামে সবাই চেনে তাকে। ফোবানা, এনএবিসি থেকে শুরু করে বৃহত্তর ইভেন্টে তিনি কাজ করেছেন। ২০১৯ সালে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস তাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমেরিকা সফরে আসে। সেবার সোনিয়া উত্তর আমেরিকায় তাদের অফিশিয়াল পার্টনার হিসেবে কাজ করেন।

উপস্থাপনার জন্য প্রবাসে বহুবার সোনিয়া পুরস্কৃত হয়েছেন। নিউজার্সি স্টেট আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশে থাকাকালে সোনিয়া বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে অংশ নেন। সিমেন্স মোবাইল, এলিট চা, সেজান জুস, প্যাগাসাস কেডস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ আরও অনেক বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রে মিস বাংলাদেশ ফটোজেনিক হয়েছিলেন। বর্তমানে চ্যানেল–৫২–তে কাজ করছেন। তিনি নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন। পেশাগত জীবনে তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন ‘স্যাক ফিফথ অ্যাভিনিউ’ নামে আমেরিকার একটি ব্র্যান্ড কোম্পানির সঙ্গে। এ ছাড়া তিনি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন বহুজাতিক ফরাসি কোম্পানি শানেলের সঙ্গে। 

সোনিয়ার জন্ম ১৫ ফেব্রুয়ারি ঢাকায়। তবে তাঁর শিকড় বরিশালের গৌরনদীতে। ছোটবেলায় কিছু সময় বাহরাইনের মানামায় কেটেছে। চার ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় সোনিয়া। খুব অল্প বয়সে নাচে হাতেখড়ি। বুলবুল ললিতকলা একাডেমি ও সুরঙ্গমা থেকে নাচে প্রশিক্ষণ পান তিনি। দুই দুইবার উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্য হয়ে পৃথিবীর বহু দেশ সফর করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরে বাংলাদেশ সাংস্কৃতিক দলের হয়ে পারফরমেন্স করেন। তখন থেকে নাচের পাশাপাশি মডেলিং শুরু করেন। পরে উপস্থাপনাও শুরু করেন। বর্তমানে উপস্থাপনা নিয়েই তাঁর সব ব্যস্ততা। ২০ বছর ধরে তিনি আমেরিকায় বসবাস করছেন। তবে এর মধ্যে কয়েক বছর বাংলাদেশে ছিলেন। সে সময় চ্যানেল নাইন, এশিয়ান টিভি, একুশে টিভি ও এটিএন বাংলায় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। তিনি দুবাইভিত্তিক আর এ কে টিভিতেও কাজ করেছেন।

করোনা মহামারির এ সময়ে নতুন সিনেমা-নাটকের প্রচার যখন বন্ধ হয়ে গেছে, তখন কিছু চ্যানেল নতুন আঙ্গিকে বিষয়ভিত্তিক অনুষ্ঠান প্রচার করছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আইপি টিভি চ্যানেল ফিফটি টু আয়োজিত প্রবাসে প্রিয় মুখ ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সোনিয়া এ অনুষ্ঠানের উপস্থাপিকা। তিনি এ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে যারা করোনা মহামারির কারণে মানবেতর জীবনযাপন করছেন, তাদের জন্য সাহায্য সংগ্রহেরও চেষ্টা করছেন। সোনিয়া মনে করেন, শিল্পীর সমাজের প্রতি দায়বদ্ধতা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।