করোনার টিকা নেবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স ফাইল ছবি।
ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স ফাইল ছবি।

করোনাভাইরাসের টিকা নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ট্রাম্প বলেন, তিনি করোনার টিকা প্রথমে বা শেষে নেবেন।

সিএনএনের খবরে জানানো হয়, ফক্স নিউজকে দেওয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি আমি প্রথমে টিকা নিই, তাহলে অনেকে আমাকে ভীষণ স্বার্থপর বলবে। সবার প্রথমে আমি টিকা নিতে চাই। আবার অনেকে বলবে আমি খুব সাহসের কাজ করেছি। তবে প্রথমে বা শেষে হোক, আমি এই টিকা নিতে চাই।’

ট্রাম্প বলেন, ‘যদি আমি টিকা না নিই, তাহলে এই কর্মসূচির ওপর অনেকে আস্থা হারাবে।’


করোনাভাইরাস নিয়ে ট্রাম্পের একেক সময়ে দেওয়া একেক বক্তব্য বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছে। এবার করোনার টিকা নিয়ে তিনি বক্তব্য দিলেন।

সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের অগ্রিম ফলাফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, প্রাথমিকভাবে যে ফলাফল পাওয়া গেছে, এর ভিত্তিতে বলা যায় যে অক্সফোর্ডের ভ্যাকসিনটির সম্ভাবনা অনেক বেশি। এটি কোভিড-১৯ থেকে মানুষকে কতটা কার্যকরভাবে সুরক্ষা দিতে পারে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের পাশাপাশি এটি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলেও পরীক্ষা করা হচ্ছে।

অক্সফোর্ডের পাশাপাশি মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়ো এন টেকের পক্ষ থেকেও তাদের টিকা নিরাপদ বলে জানানো হয়েছে। করোনা ঠেকাতে চীনের সিনোভেকের তৈরি টিকাটি মঙ্গলবার ব্রাজিলে পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। সেখানে স্বেচ্ছাসেবীরা টিকাটির প্রথম ডোজ পেয়েছেন।