
কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় মারা গেছেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কয়সর আহমদ(৭৭)।
ষাটের দশকের শুরুতে মৌলভীবাজার শহর সংলগ্ন উত্তর মুলাইম থেকে নিউইয়র্কে আসা অভিবাসী পরিবারের সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী ও সমাজ সংগঠক কয়সর আহমদের মালিকানাধীন রেস্তোরাঁ রয়েল ইন্ডিয়ান ছিল অনেক নবাগত অভিবাসীদের প্রাথমিক পা রাখার স্থান।
এ ছাড়া ম্যানহাটনের ইন্ডিয়ান রেস্তোরাঁ পাড়ায় দি তাজ নামে আরেকটি প্রতিষ্ঠানে অংশীদারত্ব ছিল। ম্যানহাটনের মদিনা মসজিদ স্থাপনে প্রথম উদ্যোক্তাদের মধ্যে কয়সর আহমদ ছিলেন অন্যতম।
এ ছাড়া অনেক নবাগত অভিবাসীদের কাজের সংস্থানসহ অন্যান্য আইনি সহায়তায় ছিলেন সদা নিবেদিত। মৌলভীবাজার জনকল্যাণ সংস্থার উপদেষ্টা হিসেবে সংস্থার সব ভালো উদ্যোগে নিয়মিত সংযুক্ত রাখতেন। মৃত্যুকালে ৬ মেয়েসহ নিকট স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন এই সদা উপকারী সমাজসেবক কয়সর আহমদ।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কয়সরের মৃত্যুতে পরিবারের সদস্যেদের প্রতি শোক জ্ঞাপন করেন।