হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি জানিয়েছেন, স্থানীয় সময় আগামী শুক্রবার থেকে জো বাইডেন বিদেশি নেতাদের সঙ্গে ফোনে কথা বলা শুরু করবেন। সবার আগে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোন করবেন। আপাতত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা বাইডেনের নেই বলে জানান সাকি।
বাইডেন প্রশাসনের প্রথম সংবাদ সম্মেলন চলছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রেসসচিব জেন সাকি।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনার কাজ শুরু করে দিলেন জো বাইডেন। চুক্তিতে ফেরার বিষয়ে জাতিসংঘে নোটিশ পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গত বছর ওই চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র।
নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করলেন জো বাইডেন। ওভাল অফিসে এই আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
শপথগ্রহণের পর ওভাল অফিসে গিয়েই তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘অপচয় করার মতো সময় নেই। অবিলম্বে কাজ করতে হবে।’
প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেওয়ার দিনে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার চাঙা হয়ে উঠেছে। দিনভর মার্কিন শেয়ারবাজারের সূচক ঊর্ধ্বমুখী ছিল।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো হোয়াইট হাউসে গেলেন জো বাইডেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফার্স্টলেডি জিল বাইডেন।
মোটর শোভাযাত্রা নিয়ে সমাধিসৌধ থেকে হোয়াইট হাউসের উদ্দেশে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে অবশ্য বাইডেন নতুন নন। এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেছিলেন বাইডেন।
আর্লিংটন জাতীয় সমাধিসৌধে ফুল দিয়ে নাম না জানা সেনাদের শ্রদ্ধা জানালেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শ্রদ্ধা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামা ও তিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন, লরা বুশ ও মিশেল ওবামাও। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়
ক্যাপিটল হিলে শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট বাইডেন আর্লিংটন জাতীয় সমাধিসৌধে যান। সেখানে সমাধিস্থ নামা না জানা সেনাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। তাঁর সঙ্গে আছেন ফার্স্ট লেডি জিল, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামা ও তিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন, লরা বুশ ও মিশেল ওবামা।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে প্রয়োজনীয় নথিতে সই করেছেন জো বাইডেন। তিনি এখনো ক্যাপিটল হিলে অবস্থান করছেন। সেখান থেকে ওভাল অফিসে যাওয়ার কথা তাঁর।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। প্রধান বিচারপতি জন রবার্টস তাঁকে শপথ বাক্য পাঠ করান।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস। প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন তিনি।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঞ্চে এসেছেন। তিনি কিছুক্ষণের মধ্যে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তারপরই মঞ্চে আসেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। প্রধান বিচারপতি জন রবার্টস বাইডেনকে শপথ বাক্য পাঠ করাবেন।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্ত্রী জিল বাইডেনসহ ক্যাপিটল হিলে পৌঁছেছেন। ভাইসে প্রেসিডেন্ট কমলা হ্যারিসও স্বামী ডাউ এমহফকে নিয়ে ক্যাপিটল হিলে এসেছেন। আর কিছুক্ষণ পর দুজনই শপথ নেবেন।
জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে এসেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ও বিল ক্লিনটন। ওবামার সঙ্গে রয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও ক্লিনটনের সঙ্গে সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
প্রায় তিন দশক আগে বিল ক্লিনটনের শপথ অনুষ্ঠানের দিন ওয়াশিংটনের আকাশ মেঘমুক্ত ছিল। রৌদ্রোজ্জল পরিবেশে সেবার শপথ অনুষ্ঠান হয়েছিল। তিন দশক পর আজ জো বাইডেনের শপথের দিন ওয়াশিংটনের আকাশ রৌদ্রোজ্জল থাকবে।
আবহাওয়ার পূর্ভাবাস এমনই বলছে। এতে বলা হয়েছে, আজ দুপুরে তাপমাত্রা থাকবে প্রায় ৪৫ ডিগ্রি। আকাশ আংশিক থেকে বেশির ভাগই পরিস্কার থাকবে। ৩৫ থেকে ৪০ মাইল বেগে বাতাস বইবে।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যারিল্যান্ডে অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে বিদায় অনুষ্ঠানে ‘সব সময় লড়াই’ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি জো বাইডেন প্রশাসনের ‘শুভ কামনা’ করেছেন।
ট্রাম্প বলেন, ‘আপনারা দারুন মানুষ। এটি মহান এক দেশ। আপনাদের প্রেসিডেন্ট হওয়া আমার জন্য বিরাট সম্মানের বিষয়।’
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ম্যারিল্যান্ডে অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে। তিনি সেখানে বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সকালে হোয়াইট হাউস ছেড়ে গেছেন বলে খবর দিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন। তবে তিনি কীভাবে গেছেন, কখন গেছেন সে ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানা যায়নি