
টুইটার কিনছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ইলন মাস্ক। খরচ পড়ছে ৪ হাজার ৪০০ কোটি ডলার। বিশাল অঙ্কের এ তহবিল জোগাড় করতে নানা কৌশল বেছে নিচ্ছেন তিনি। টুইটার কেনায় অর্থ সরবরাহ করতে রাজি করিয়েছেন ১৯ বিনিয়োগকারীকে।
বিবিসির খবরে বলা হয়, টুইটার কেনার তহবিলে ৭১০ কোটি ডলার দিতে রাজি হয়েছেন ওই ১৯ বিনিয়োগকারী। তাঁদের মধ্যে রয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তিনিই দিচ্ছেন সর্বোচ্চ ১০০ কোটি ডলার।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত কয়েক সপ্তাহে প্রতিষ্ঠানটির ৮৫০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন তিনি। ওই অর্থ টুইটার কিনতে ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ব্যাংক থেকে ১ হাজার ৩০০ কোটি ডলার ঋণ নিয়েছেন। অর্থ জোগাড় করতে টেসলার বিভিন্ন সম্পত্তির বিপরীতেও ঋণ নিচ্ছেন তিনি।
টুইটার কিনতে ১৯ বিনিয়োগকারীর মধ্যে আরও রয়েছে সেকোইয়া ক্যাপিটাল, বাইন্যান্স, ফাইডালিটি, ভিওয়াই ক্যাপিটাল ও কাতার হোল্ডিংসের মতো প্রতিষ্ঠানগুলো। রয়েছেন সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাতও। তবে তিনি নতুন করে অর্থ দিচ্ছেন না। বরং টুইটারে তাঁর মালিকানায় থাকা ১৯০ কোটি ডলারের শেয়ার তুলে নেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে নতুন বিনিয়োগের খবর সামনে আসার পর টুইটারের শেয়ারের দাম বেড়েছে। এরপরও তা টুইটার কিনতে মাস্ককে প্রতিটি শেয়ারের জন্য যে মূল্য পরিশোধ করতে হয়েছে, তার চেয়ে কম। শেয়ারপ্রতি ৫৪ দশমিক ২০ ডলার দিয়ে টুইটার কিনছেন মাস্ক।