গুলির শব্দ শোনা গেছে—এমন গুজবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, রাত সাড়ে নয়টার দিকে টেলিফোনে গুলির খবর পাওয়া যায়। এরপর নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে তারা বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দেয়।
ট্যাক্সি ও অন্যান্য যানবাহন চলাচলের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যাত্রীবাহী বিভিন্ন বিমানকে দিক পরিবর্তন করে অন্যত্র অবতরণের পরামর্শ দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত গুলির খবরের সত্যতা পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।
আট নম্বর টার্মিনাল মূলত আমেরিকান এয়ারলাইনসের বিমানের অবতরণক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। তবে এয়ার বার্লিন ও আরও কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনসের বিমান এখানে অবতরণ করে।