যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক আকাই গারলিকে গুলি করে হত্যার দায়ে এক পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার গ্র্যান্ড জুরি তাঁকে অভিযুক্ত করে। মামলার সঙ্গে যুক্ত একজন আইনজীবী এ কথা জানিয়েছেন। গত ২০ নভেম্বর নিউইয়র্কের পিংক হাউস সরকারি আবাসন এলাকায় পুলিশের গুলিতে নিহত হন গারলি। তাঁর আইনজীবী স্কট রাইনিকি বলেন, এ হত্যার ঘটনায় গ্র্যান্ড জুরি পুলিশ সদস্য পিটার লিয়াংকে অভিযুক্ত করেছে। এ ঘটনাকে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা বলে আখ্যা দেওয়া হয়েছিল। গারলির নিহত হওয়ার ঘটনায় নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিবিসি