প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান হচ্ছে

পাসপোর্ট
প্রতীকী ছবি

ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরের মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে পাসপোর্ট প্রিন্ট সংক্রান্ত যে জটিলতার সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রক্রিয়াকৃত এক হাজার ৩৬৪টি আবেদনের বিপরীতে ইতিমধ্যে এক হাজার ১০১টি পাসপোর্ট প্রিন্ট হয়েছে। প্রিন্ট করা এসব পাসপোর্ট দ্রুত ফেডেক্সের মাধ্যমে দূতাবাসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

গত ২১ জুন থেকে ১২ আগস্টের মধ্যবর্তী সময়ে এসব আবেদন ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়। বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ফেরদৌসী শাহরিয়ার যুক্তরাষ্ট্রপ্রবাসীদের পাসপোর্ট প্রদানে সৃষ্ট জটিলতার সমাধানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার প্রচলিত মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে আবেদনকারীদের উন্নততর ই-পাসপোর্ট প্রদানের দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শিগগির ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসে অবস্থিত কনস্যুলেট জেনারেল পরিদর্শন করবে।