
প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় ‘রেমিট্যান্স ফাইটার্স অব বাংলাদেশ’ নামে সম্প্রতি একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের আহ্বায়ক হিসেবে রয়েছেন আমেরিকাপ্রবাসী এম রহমান মাসুম।
এ বিষয়ে মাসুম বলেন, দেশের রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সর্বোচ্চ পরিচর্যা পরিষেবা নিশ্চিত করার দাবি নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-রেমিট্যান্স যোদ্ধাদের যোগ্যতা ও দক্ষতার মানোন্নয়ন, কর্মস্থলে যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রবাসীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে অ্যাডভোকেসি টিম হিসেবে কাজ করা।
এ ছাড়া বাংলাদেশের বেকার জনগোষ্ঠীকে যথোপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করা। সেই সঙ্গে বহির্বিশ্বে শ্রমবাজার তৈরির মাধ্যমে দেশের অর্থনীতির সার্বিক অগ্রগতি সাধন করতে এই সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি।