বিদেশি যোদ্ধারা নজিরবিহীনভাবে দলবেঁধে সিরিয়ায় যাচ্ছে। ২০ হাজারের বেশি বিদেশি যোদ্ধা ইসলামিক স্টেটসহ (আইএস) অন্যান্য চরমপন্থী সংগঠনের হয়ে লড়াই করতে সেখানে যাচ্ছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। দেশটির জাতীয় সন্ত্রাস মোকাবিলা কেন্দ্র (এনসিটিসি) জানায়, বিশ্বের ৯০টির বেশি দেশ থেকে এসব যোদ্ধা সিরিয়ায় যাচ্ছে। এদের মধ্যে ১৫০ জনের বেশি মার্কিনসহ পশ্চিমা দেশগুলোর কমপক্ষে ৩ হাজার ৪০০ নাগরিক রয়েছে। বেশির ভাগ বিদেশিই ইরাক ও সিরিয়ায় আইএস বাহিনীতে যোগ দিচ্ছে বলে এনসিটিসি জানায়। ফ্রান্সের প্যারিসে জঙ্গি হামলার পর বিদেশি যোদ্ধাদের বিষয়ে পশ্চিমা সরকারগুলোর উদ্বেগ আরও বেড়েছে। এএফপি