
ছয় মাসের মধ্যে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-এর দুটি উড়োজাহাজ উড্ডয়নের কয়েক মিনিট পর বিধ্বস্ত হওয়া এবং উড়োজাহাজের সবাই নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উড়োজাহাজের এই মডেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যা যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ভবিষ্যৎ পরিকল্পনাকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে গত রোববার ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ ম্যাক্স সিরিজের একটি বিমান উড্ডয়নের কয়েক মিনিট পর বিধ্বস্ত হয়। এতে যাত্রী এবং ক্রুসহ ১৫৭ জন নিহত হন। এ ছাড়া গত বছরের অক্টোবরে লায়ন এয়ারের একই মডেলের একটি উড়োজাহাজ ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয়। এতে ১৮৯ আরোহী নিহত হন।
এ দুই দুর্ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইথিওপিয়ার দুর্ঘটনার পর বেশ বিশ্বের কয়েকটি এয়ারলাইনস তাদের বহর থেকে ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের উড়োজাহাজ নামিয়ে ফেলছে। এর মধ্যে ইথিওপিয়ান এয়ারলাইনস, ব্রিটিশদের কেম্যান এয়ারওয়েজ রয়েছে। ইথিওপিয়ান এয়ারলাইনস বলেছে, ‘অতিরিক্ত নিরাপত্তা সতর্কতার’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ দেশটির সব এয়ারলাইনসকে অভ্যন্তরীণ ফ্লাইটে ওই উড়োজাহাজ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। গতকাল সোমবার চীনের এয়ারলাইনসগুলোর এই সিরিজের উড়োজাহাজ নামিয়ে ফেলার কথা।
উড়োজাহাজে যে ব্ল্যাকবক্সে ফ্লাইটের ডেটা এবং ককপিটের সঙ্গে কথোপকথনের তথ্য সংরক্ষিত থাকে, ওই ব্ল্যাকবক্স থেকেই জানা যাবে কী কারণে ইথিওপিয়ান এয়ারলাইনসের বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটা পাইলটের ভুলে, না কারিগরি কোনো কারণ, নাকি দুইয়ে মিলে এ দুর্ঘটনা ঘটেছে তা–ও জানা যাবে ব্ল্যাকবক্সের তথ্য থেকে। গতকাল ইথিওপিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা ওই ব্ল্যাকবক্স উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
এদিকে ইথিওপিয়ান এয়ারলাইনসের প্রধান নির্বাহী টিউয়েওল্ড গ্যাব্রিমারিয়াম সাংবাদিকদের বলেছেন, পাইলট বলেছিলেন, তিনি অসুবিধায় পড়েছেন। তিনি ফিরে আসতে চান। তাঁকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। ওই ফ্লাইটের সময় আবহাওয়াও ভালো ছিল।
এদিকে বোয়িংয়ের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড্ডয়নের জন্য নতুন কোনো নির্দেশনার প্রয়োজন নেই। ইথিওপিয়ার বিমান দুর্ঘটনা তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে।