আইন জিজ্ঞাসা

মামলা চলাকালে অ্যাসাইলির আমেরিকার বাইরে না যাওয়াই ভালো

আমি একজন অ্যাাসাইলি। আমার কেস (মামলা) অ্যাপ্রুভ হয়েছে। আমি গ্রিনকার্ডের জন্য আবেদন করে এক মাস আগে পেয়েছি, যার মেয়াদ এক বছর। কিন্তু আজ দুই বছর হয়ে গেছে, আমার স্বামী গ্রিনকার্ড পাননি। আমার প্রশ্ন হচ্ছে আমেরিকার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আমি কোন কোন দেশ ভ্রমণ করতে পারব? বিনা ভিসায় কি কোনো দেশে ভ্রমণ করা যাবে? এই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ।

সোনিয়া, অ্যাস্টোরিয়া, নিউইয়র্ক

উত্তর: আপনার প্রশ্নটির উত্তর কয়েক ধাপে দিতে চাই।
প্রথমত, আপনি সঠিক নিয়মে গ্রিনকার্ডের আবেদন করেছেন কিনা সেটা যাচাইয়ের জন্য কিছু তথ্য দেওয়া জরুরি মনে করছি। যেমন, অ্যাসাইলাম আবেদন অনুমোদন হলে আপনার যে স্ট্যাটাস হবে, তাকে বলে ‘অ্যাসাইলি’। অ্যাসাইলি অবস্থায় আপনার কাজের জন্য কোনো ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে না। অ্যাসাইলি অবস্থায় দুই বছরের মধ্যে আপনি বিনা মূল্যে ফর্ম আই-৭৩০, রিফিউজি/অ্যাসাইলি রিলেটিভ পিটিশন জমা দিয়ে আপনার স্বামী/স্ত্রী ও ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানকে আমেরিকায় আনতে পারবেন। অ্যাসাইলি অবস্থায় আমেরিকায় এক বছর থাকার পর গ্রিনকার্ডের জন্য আপনাকে ১ হাজার ১৪০ ডলার ফি দিয়ে ফর্ম আই-৪৮৫, অ্যাপ্লিকেশন টু রেজিস্ট্রার পারমানেন্ট রেসিডেন্স অর টু অ্যাডজাস্ট স্ট্যাটাস জমা দিতে হবে। আপনার স্বামী/স্ত্রী ও ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান যদি আপনার অ্যাসাইলাম আবেদনে যুক্ত থাকার কারণে ডেরিভেটিভ অ্যাসাইলাম পান, তবে তাদের জন্য আলাদা আলাদা ফি দিয়ে ফর্ম আই-৪৮৫ জমা দিতে হবে। তবে সন্তানের বয়স ১৪ বছরের কম হলে ফর্ম আই-৪৮৫-এর জন্য প্রযোজ্য ফি হবে ৭৫০ ডলার। আপনার গ্রিনকার্ড যেহেতু চলে এসেছে, আপনার উচিত হবে আপনার স্বামীর গ্রিনকার্ডের জন্য আরও মাসখানেক অপেক্ষা করে ইউএসসিআইএসে ফোন করা। অনেক সময় কারও কারও ব্যাকগ্রাউন্ড চেক করতে একটু সময় লাগে।
দ্বিতীয়ত, অ্যাসাইলাম আবেদন একবার মঞ্জুর হলে সেটা কখনো মেয়াদোত্তীর্ণ হয় না। কিন্তু আপনার মঞ্জুর হওয়া অ্যাসাইলাম স্ট্যাটাস ইউএসসিএস চাইলে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্টের ২০৮(সি)(২) ধারায় টারমিনেট করতে পারে যদি- (ক) পরিস্থিতির মৌলিক পরিবর্তনের কারণে নিপীড়নের আর কোনো প্রতিষ্ঠিত ভয় (ওয়েল ফাউন্ডেড ফিয়ার অব পারসিকিউশন) না থাকে, (খ) অন্য কোনো দেশ থেকে আপনি ইতিমধ্যে প্রোটেকশন পেয়ে থাকেন, (গ) আপনার অ্যাসাইলাম আবেদন মঞ্জুর হওয়ার সময় আপনি প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে প্রমাণ হয় এবং (ঘ) আপনি যদি কোনো অপরাধমূলক তৎপরতায় জড়িয়েছেন বলে প্রমাণ হয়।
তৃতীয়ত, টেকনিক্যালি একজন অ্যাসাইলাম আবেদনকারী তার মামলা চলাকালে আমেরিকার বাইরে যেতে পারলেও, এটা করা ভালো নয়। আপনাকে যদি আমেরিকার বাইরে যেতেই হয়, তবে আপনাকে অ্যাডভান্স প্যারোল নেওয়ার জন্য ৫৭৫ ডলার ফি দিয়ে ফর্ম আই-১৩১ ও অ্যাপ্লিকেশন ফর ট্রাভেল ডকুমেন্ট জমা দিতে হবে। কিন্তু অ্যাডভান্স প্যারোল আপনার আমেরিকায় ফিরে আসার নিশ্চয়তা দেয় না। অ্যাডভান্স প্যারোল থাকা সত্ত্বেও ফিরে আসার সময় বন্দরে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন আপনাকে ঢুকতে নাও দিতে পারে। আর আপনি যদি অ্যাডভান্স প্যারোল নিয়ে অ্যাসাইলাম আবেদনে উল্লেখিত আপনার দেশে ফিরে যান, তবে আপনার অ্যাসাইলাম আবেদন আপনি নিজেই খারিজ করেছেন বলে ধরে নেওয়া হবে।