যুক্তরাষ্ট্রে বাড়ি ভাড়া দিতে না পারা ভাড়াটেদের উচ্ছেদ প্রক্রিয়ার নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতির কারণে দুর্দশায় পড়া ভাড়াটেদের উচ্ছেদ প্রক্রিয়া এর আগে কয়েক দফা স্থগিত রাখা হয়েছিল। এবার এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া না দিতে পারার কারণে আগামী ৩ অক্টোবর পর্যন্ত তাঁদের উচ্ছেদ না করার নির্দেশনা জারি করেছে।
সিডিসির এ নির্দেশনা আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে। মার্কিন সুপ্রিম কোর্ট গত জুনে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ি ভাড়া না দেওয়া ভাড়াটেদের উচ্ছেদের ওপর সরকারের নিষেধাজ্ঞা বর্ধিত করার বিষয়টি অনুমোদন করেছিল। তখন এমন নিষেধাজ্ঞা আর বর্ধিত করার প্রয়াস সুপ্রিম কোর্টে ঠেকিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিচারক।
ডেমোক্রেটিক দলের উদারনৈতিক পক্ষ এবং যুক্তরাষ্ট্রজুড়ে উদারনৈতিক নাগরিক সংগঠনগুলোর দাবির মুখে সিডিসি স্বাস্থ্য নিরাপত্তায় এক মাসের জন্য ভাড়াটিয়া উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা বর্ধিত করেছে। নতুন এ বর্ধিত সুবিধা করোনা সংক্রমণের হার বাড়ছে এমন এলাকায় প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
সিডিসির নির্দেশনায় বলা হয়েছে, এক লাখ লোকের মধ্যে ৫০ থেকে ১০০ জনের সংক্রমণ পাওয়া এলাকাগুলোর জন্য এ নির্দেশনা কার্যকর হবে। দেশের ৯০ শতাংশ লোকজনই এ নির্দেশনার আওতায় পড়বে বলে মনে করা হচ্ছে।
কয়েক দফা বর্ধিত করার পর গত ৩১ আগস্ট ভাড়াটিয়া উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ উঠে গেলে সর্বত্র উৎকণ্ঠা দেখা দেয়। হোয়াইট হাউস থেকে এ নিষেধাজ্ঞা বর্ধিত করার মনোভাব দেখানো হলেও প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসকে এ নিয়ে আইন প্রণয়ন করার আহ্বান জানান। কংগ্রেসে সুনির্দিষ্ট আইন প্রস্তাব ছাড়া ভাড়াটিয়াদের উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞার নির্দেশ আদালতে টিকবে না বলে এখনো মনে করা হচ্ছে।
করোনার ডেলটা ধরনের নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সিডিসি উৎকণ্ঠিত। উচ্ছেদ নিষেধাজ্ঞা বর্ধিত করার নির্দেশনায় বলা হয়েছে, ভাড়া প্রদানে অক্ষম লোকজনকে উচ্ছেদ করা হলে তাঁরা অন্যের সঙ্গে বসবাসের চেষ্টা করবে। কেউ কেউ এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটে যাবে। এমন পরিস্থিতিতে মহামারি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে এবং জনগণের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। গবেষণায় দেখা গেছে, একই ঘরে বসবাসের ক্ষেত্রে কোভিড-১৯ এর সংক্রমণ বেশি হয়ে থাকে।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত নন, সিডিসির এ নির্দেশনা আদালতে প্রশ্রয় পাবে কিনা। সংবিধানের কিছু কিছু বিশেষজ্ঞ বলেছেন, এমন প্রশাসনিক আদেশ সুপ্রিম কোর্টে টিকবে না। কেউ কেউ আবার পক্ষেও বলেছেন বলে প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন।
বাইডেন বলেন, সিডিসির নির্দেশনার মাধ্যমে নিদেনপক্ষে কিছু সময় পাওয়া যাবে। এর মধ্যে ফেডারেল প্রণোদনা হিসেবে দেওয়া ৪৫ বিলিয়ন ডলার প্রান্তিক পর্যায়ে বিতরণ করার জোর চেষ্টা চলছে। ভাড়াটিয়া সহযোগিতার এ প্রণোদনা সংশ্লিষ্টদের হাতে পৌঁছালেও একটা স্বস্তি পাওয়া যাবে বলে বলা হচ্ছে।
রিপাবলিকান দলের পক্ষ থেকে ভাড়াটিয়া উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বর্ধিত করার বিরোধিতা করা হচ্ছে। ক্রমাগত এমন মেয়াদ বৃদ্ধি বাড়ির মালিকদের বিপন্ন করে তুলবে বলে তাঁরা বলছেন। ডেমোক্রেটিক দলেরও উল্লেখযোগ্য আইনপ্রণেতা ভাড়াটিয়া উচ্ছেদের নিষেধাজ্ঞা বর্ধিত না করার পক্ষে।
৩ আগস্ট সিডিসির এ সংক্রান্ত নির্দেশনা আসার পর ডেমোক্রেটিক দলের উদারনৈতিক নেতারা, এমনকি সিনেটে দলের নেতা চার্লস শুমারকে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
এর আগে ভাড়াটিয়া উচ্ছেদের ওপর যে ফেডারেল নিষেধাজ্ঞা ছিল, তা ৩১ জুলাই শেষ হয়েছে। এ কারণে মার্কিন কংগ্রেস জরুরি এই উদ্যোগ গ্রহণ না করলে যুক্তরাষ্ট্রের সাড়ে তিন কোটির বেশি বাসিন্দাকে আগস্টে ভাড়া বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো।