
মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের অন্যতম সংগঠক মরহুম আব্দুল বারীর পরিবারের পক্ষ থেকে ‘গৌরবের মুক্তিযুদ্ধ’ ট্রাস্টে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ২৫ জানুয়ারি মরহুম আব্দুল বারীর আমেরিকা প্রবাসী সন্তান লেখক ইশতিয়াক রূপু ও ইজাজ আহমদ অপু সংগঠনটিতে ২ লাখ ৩৪ হাজার টাকা দান করেন।
২৫ জানুয়ারি সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে (সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি) আয়োজিত এক অনুষ্ঠানে পাঠাগার সভাপতি শীলা রায়ের হাতে পারিবারিক এ অনুদান তুলে দেন মরহুম আব্দুল বারীর দুই ছেলে। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গৌরবের মুক্তিযুদ্ধ ট্রাস্ট থেকে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হয়। সংগঠনটির এ কার্যক্রমে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্ত হলো সুনামগঞ্জ এলাকার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল বারী পরিবার।