মশালের কসরত দেখাচ্ছেন ডেভিড রাশ
মশালের কসরত দেখাচ্ছেন ডেভিড রাশ

বিচিত্র

৩ মশাল টানা ৬ মিনিট শূন্যে ছুড়ে কসরত দেখালেন তিনি

একের পর এক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে চলেছেন ডেভিড রাশ। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা এই ব্যক্তি বর্তমানে সবচেয়ে বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক। মনোযোগ ও দক্ষতার নতুন পরীক্ষা দিয়ে নিজের রেকর্ডের মুকুটে আরও একটি পালক যোগ করেছেন তিনি।

এবার ডেভিড রাশ তিনটি জ্বলন্ত মশাল টানা ৬ মিনিট ২৫ দশমিক ৪৯ সেকেন্ড ধরে লোফালুফি বা শূন্যে ছুড়ে এই রেকর্ড গড়েছেন।

ডেভিড রাশ বিভিন্ন বস্তু শূন্যে ছোড়ার কসরত দেখানোর একাধিক গিনেস রেকর্ডের মালিক। আইডাহোর রাজধানী বোইসির হবল ক্রিক পার্কে ছেলের ফুটবল অনুশীলন শেষে তিনি এবারের রেকর্ড গড়ার উদ্যোগ নেন।

ডেভিড রাশ বলেন, এ জন্য তিনি বাজারে সহজলভ্য একই ধরনের তিনটি মশাল ব্যবহার করেছেন। যেগুলোর প্রতিটির দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটারের বেশি ছিল। সেগুলোর ফায়ার সোয়াব বা অগ্নি-প্রান্ত ৫ সেন্টিমিটার লম্বা এবং দেড় সেন্টিমিটার চওড়া—যা ন্যূনতম মানদণ্ডের কঠোর শর্ত পূরণ করেছিল।

রাশ আরও বলেন, ‘সময় গণনায় সম্পূর্ণ নির্ভুলতা নিশ্চিত করতে আমরা দুটি আলাদা স্টপওয়াচ ব্যবহার করে সময় নির্ধারণ করেছি এবং লোফালুফি শুরু হওয়ার মুহূর্তে থেকে প্রথম মশালের আগুন নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে থামিয়েছি।’

সবচেয়ে দীর্ঘ সময় ধরে তিনটি জ্বলন্ত মশাল আকাশে ছুড়ে টানা কসরত দেখানোর আগের রেকর্ডটি ছিল ৫ মিনিট ২ দশমিক ৩১ সেকেন্ডের। ডেভিড রাশ সেই রেকর্ড ভেঙে ফেলেছেন, তবে রেকর্ড ভাঙার স্বীকৃতি পেলেও তা ঠিক উদ্‌যাপন করতে পারছেন না এই মার্কিন। কারণ, তিনি নতুন রেকর্ড গড়ার উদ্যোগটি নিয়েছিলেন ২০২৫ সালের ১২ মে।

তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ রাশের সেই প্রচেষ্টা পর্যালোচনা করে স্বীকৃতি দিতে অনেক দেরি করে ফেলেছে। ফলে স্বীকৃতি পাওয়ার আগেই আরেক ব্যক্তি ডেভিড রাশের রেকর্ড ভেঙে দিয়েছেন। ওহাইওর অর্ণব রাঠি টানা ৭ মিনিট ২০ দশমিক ৭৭ সেকেন্ড তিনটি মশাল আকাশে ছুড়ে কসরত দেখিয়েছেন। রাশ অনলাইনে লিখেছেন, ‘মনে হচ্ছে, আমাকে শিগগির রেকর্ডটি আবার ফিরিয়ে আনতে হবে।’