ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল শনিবার রাতে ‘যা–ই ঘটুক’ যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বনির্ধারিত ভাষণ দেবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মূলত ট্রাম্পের ভাষণে বাদ সেধেছে চরম প্রতিকূল আবহাওয়া। বৈরী আবহাওয়ার জেরে অনুষ্ঠানস্থল থেকে এরই মধ্যে হাজারো মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এবং আয়োজক গোষ্ঠী ‘ফ্রিডম ২৫০ অর্গানাইজেশন’ জানিয়েছে, ওয়াশিংটনের ন্যাশনাল মলে রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় আজ রোববার সকালে) প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বহুল আলোচিত ভাষণটি দেবেন। এরপর রয়েছে আতশবাজির আয়োজন।
ট্রাম্পের ভাষণ ঘিরে প্রচণ্ড গরমের মধ্যে ন্যাশনাল মলে তাঁর হাজারো সমর্থক জড়ো হন। তবে পূর্বনির্ধারিত ভাষণের কয়েক ঘণ্টা আগে সম্ভাব্য বজ্রঝড়ের আশঙ্কায় সেখান থেকে তাঁদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়।
এই নির্দেশে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। কেউ কেউ সেখান থেকে বের হওয়ার পথের দিকে ছুটে যান। আবার অনেকে অনুষ্ঠানস্থল ছাড়তে অস্বীকৃতি জানান। কেউ কেউ আবার ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করেন। ‘ট্রাম্প’, ‘ট্রাম্প’ বলে চিৎকার করেন।
নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পের সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আলো ফেলে সবাইকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় একটি নিরাপত্তাযান সবাইকে বের হওয়ার পথের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০ বছর পূর্তিতে (৪ জুলাই) ট্রাম্প কয়েক ঘণ্টার সামরিক বিমান মহড়া ও নির্বাচনী প্রচারের আদলে একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক সমাবেশের আয়োজন করেছেন। অনুষ্ঠান শেষে রয়েছে প্রায় ৪০ মিনিটের আতশবাজি পোড়ানোর আয়োজন। একে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন বলেও প্রচার করা হয়।
আজ রোববার দিনের শুরুর দিকে ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও—যদিও পূর্বাভাসের মতো এতটা খারাপ নয়; ওয়াশিংটনে মানুষের উপস্থিতি অবিশ্বাস্য!’ গতকাল ওয়াশিংটনে তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
স্বাধীনতা দিবসের এ আয়োজনে অংশ নিতে ওয়াশিংটনে এসে ৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা র্যান্ডি কোল বলেন, ‘সামান্য গরম সহ্য করাটা তেমন কিছুই না। আমাদের এই অসাধারণ দেশের স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ যে ত্যাগ স্বীকার করেছেন, সেটার তুলনায় এটা খুবই নগণ্য।’
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠান চালিয়ে যাওয়া প্রসঙ্গে ৮০ বছর বয়সী ট্রাম্প বলেন, এই গরমও তাঁকে দমিয়ে রাখতে পারেনি। তিনি বলেন, ‘আমি খুব দীর্ঘ একটি বক্তৃতা দেব—শুধু এটা দেখানোর জন্য যে আমি সবকিছুই করতে পারি।’
গত শুক্রবার দক্ষিণ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধ পরিদর্শনে যান ট্রাম্প। সেখানে তিনি পূর্বসুরি জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, আব্রাহাম লিংকন ও থিওডোর রুজভেল্টের পাথুরে ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ভাষণ দেন।