
যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত ৫ হাজার ১৮২ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশ শিশু ও কিশোর। এর মধ্যে ১৮ শতাংশের বয়স ৫ বছরের কম এবং ৪১ শতাংশের বয়স ৫ থেকে ১৯ বছরের মধ্যে।
১৯৯১ সালের পর এটাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হাম সংক্রমণের ঘটনা বলে জানিয়েছে সিডিসি।
হাম অত্যন্ত সংক্রামক হলেও রোগটি টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য।
এ বছর হামে আক্রান্ত হওয়া ৫ হাজার ১৮২ জনের মধ্যে ৪ হাজার ৯৯৩ জনই আক্রান্ত অন্য কারও সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছে।
দুই দশকেরও বেশি আগে যুক্তরাষ্ট্র হাম নির্মূলের ঘোষণা দিলেও বিশ্বজুড়ে রোগটির সংক্রমণ বেড়েছে। বিশেষ করে, টিকা নিয়ে সন্দিহান ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীতে হামের সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়ে বলেছেন, কোনো অঞ্চলে টিকা গ্রহণের হার কমে গেলে হাজার হাজার মাইল দূরের মানুষও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে।
যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেনগুলোয় শিশুদের টিকাদানের হার কমেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এ হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ। কিন্তু ২০২৫-২৬ শিক্ষাবর্ষে টিকাদানের হার কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশ। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে হাম শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। ২০২৬ সালে সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।
মৃত্যুর সংখ্যায় গরমিল
সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ বছর হামে চারজনের মৃত্যু হয়েছে। তবে সংস্থাটির দেওয়া মৃত্যুর হিসাব আর বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পাওয়া মৃত্যুর হিসাবে গরমিল রয়েছে। অঙ্গরাজ্যের হিসাবে মৃত্যুর সংখ্যা বেশি।
এ বছর হামের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া। অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে হামে ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৮৭ জন।
হামে মৃত্যু নিয়ে পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। পেনসিলভানিয়ায় কোনো ব্যক্তির হাম নিশ্চিত হওয়ার পর তার মধ্যে রোগের উপসর্গ দেখা দেওয়ার ৩০ দিনের মধ্যে মৃত্যু হলে, সেই মৃত্যুকে ‘হাম-সংশ্লিষ্ট’ মৃত্যু হিসেবে গণ্য করা হয়। নতুবা সেটিকে হাম-সংশ্লিষ্ট মৃত্যু হিসেবে ধরা হয় না।
পেনসিলভানিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্টে সেখানে এমন দুজন মারা গেছেন, যারা হামের টিকা নেননি।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রথমে তাদের মৃত্যু হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।
কিন্তু পরে কেনেডি জুনিয়র ওই দুজন হামে আক্রান্ত হয়েই মারা গেছেন কি না, কিংবা তাঁদের মৃত্যুর পেছনে হামের কোনো ভূমিকা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। কেনেডি জুনিয়র টিকাবিরোধী।
এরপর সিডিসি জাতীয় তালিকা থেকে ওই দুই মৃত্যুর তথ্য বাদ দেয়।
দুই দশকেরও বেশি আগে যুক্তরাষ্ট্র হাম নির্মূল ঘোষণা দিলেও বিশ্বজুড়ে রোগটির সংক্রমণ বেড়েছে। বিশেষ করে, টিকা নিয়ে সন্দিহান ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীতে হামের সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়ে বলেছেন, কোনো অঞ্চলে টিকা গ্রহণের হার কমে গেলে হাজার হাজার মাইল দূরের মানুষও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে।