
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই–বোনসহ ২০০ মার্কিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। স্থানীয় সময় গত শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
বিবৃতিতে বলা হয়েছে, যে ২০০ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁরা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না। এই তালিকায় রয়েছে বাইডেনের বোন ও রাজনৈতিক কৌশলবিদ ভ্যালেরি বাইডেন ওয়েনসের নাম। তালিকায় আরও রয়েছেন বাইডেনের ভাই জেমস ব্রায়ান বাইডেন ও ফ্রান্সিস ইউলিয়াম বাইডেন।
রাশিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরের নামেও। কারিন প্রথম কৃষ্ণাঙ্গ, যিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা শুরুর পর মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এর জবাবে রাশিয়াও পশ্চিমা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন সশয় নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এবার বাইডেনের ঘনিষ্ঠ আত্মীয়সহ ২০০ মার্কিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।