যুক্তরাষ্ট্রে হামলায় নিহত ৭

হামলাকারী ওই দোকানেরই কর্মী

গুলি
প্রতীকী ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি ক্লাবে বন্দুক হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে নতুন বন্দুক হামলার ঘটল ঘটল। মঙ্গলবারের এই হামলায় বন্দুকধারীসহ সাতজন নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সেসাপেক শহরে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে গুলি চালানো ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।

বুধবার সেসাপেক পুলিশ জানায়, গুলি চালানো ওই ব্যক্তি স্টোরেরই এক কর্মী। গুলি করে ছয়জনকে হত্যার পর তিনিও আত্মঘাতী হন। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

সেসাপেকের পুলিশ প্রধান মার্ক সোলেস্কি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আঘাত দেখে এটি স্বপ্ররোচিত হামলা মনে হয়। হামলাকারী পিস্তল দিয়ে গুলি চালিয়েছেন। তবে তাঁর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ওয়ালমার্ট স্টোরের পেছনে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর আহত কমপক্ষে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে বুধবার ওয়ালমার্টের এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় মর্মান্তিক ঘটনায় তারা মর্মাহত।

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির দিনের আগে সেসাপেকের এ হামলার ঘটনাকে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে কলোরাডোর একটি ক্লাবে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহতের ঘটনা ঘটে। ২০১৯ সালে এল পাসোর ওয়ালমার্টে আরও একবার হামলা হয়েছিল। সেবারের ঘটনায় ২২ জন নিহত হন।