
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক বাসিন্দা পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মিশিগানে। কয়েক দিন আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বিমানবন্দরের দিকে ফেরার পথে হঠাৎই একটি ছোট দোকানে থামার ইচ্ছা হয়। তিনি দোকানটিতে যান। কী মনে করে সেখান থেকে কয়েকটি লটারি কিনে নেন। তাঁর সেই একমুহূর্তের ছোট্ট সিদ্ধান্তই এত বড় সৌভাগ্য ডেকে আনবে, তা তাঁর কল্পনার বাইরে ছিল।
দোকান থেকে লটারি টিকিট কিনেছিলেন ঠিকই। কিন্তু তখন সেগুলো নিয়ে খুব একটা আগ্রহ বোধ করছিলেন না। স্ক্র্যাচ না করেই টিকিটগুলো রেখে দেন ব্যাগের ভেতর। এরপর দিন কেটে যায়। কাজের ব্যস্ততায় টিকিটগুলোর কথা প্রায় ভুলেই যান তিনি।
কয়েক দিন পর হঠাৎ ব্যাগ গোছাতে গিয়ে চোখে পড়ে সেই টিকিটগুলো। কৌতূহলবশত একটি টিকিট ঘষতেই মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। এক–দুই হাজার নয়, একেবারে ১০ লাখ ডলার পুরস্কার জিতে গেছেন তিনি।
৪৬ বছর বয়সী ওই ব্যক্তি ডেট্রয়েটের ট্রাম্বুল স্ট্রিটের ফরেস্ট লিকার নামের দোকান থেকে ১০ ডলারের ‘লাকি নাম্বারস’ স্ক্র্যাচ-অফ টিকিটগুলো কিনেছিলেন। তিনি মিশিগান লটারি কর্তৃপক্ষকে বলেন, ‘আমি মিশিগানে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ফেরার পথে দোকানে থামি। ক্যাশিয়ারকে কয়েকটা টিকিট দিতে বলি। পরে সেগুলো ব্যাগে রেখে দিই।’
প্রথমে তাঁর কাছে পুরো বিষয়টিকে অবিশ্বাস্য মনে হচ্ছিল। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, এটা সত্যি হতে পারে না। সঙ্গে সঙ্গে বন্ধুকে ছবি পাঠাই। সে–ও মনে করেছিল, এটা হয়তো কোনো মজা বা ভুয়া টিকিট। আমরা দুজনই একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম।’
লটারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই ব্যক্তি সত্যি সত্যিই ১০ লাখ ডলারের পুরস্কার জিতেছেন। তারা আরও বলেছে, বিজয়ী ব্যক্তি তাঁর পুরস্কারের একটি অংশ ভ্রমণে ব্যয় করার পরিকল্পনা করেছেন।