ম্যারিল্যান্ডে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের সদরদপ্তর
ম্যারিল্যান্ডে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের সদরদপ্তর

খাদ্য ও ওষুধে রঞ্জক পদার্থ ‘রেড ডাই ৩’ ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

খাবার ও পানীয়কে উজ্জ্বল ও চেরি-লাল রং দেওয়ার জন্য ব্যবহৃত একটি কৃত্রিম রঞ্জক পদার্থের ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) গতকাল বুধবার এই নিষেধাজ্ঞা দেয়।

রঞ্জকটি ‘রেড নম্বর ৩’ বা ‘রেড ডাই ৩’ নামে পরিচিত। উৎপাদকদের এখন থেকে এটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। গবেষণাগারে পুরুষ ইঁদুরের ওপর প্রয়োগ করে দেখা গেছে, এ রঞ্জকের সঙ্গে ক্যানসারের যোগসূত্র আছে। এ গবেষণার পরই এফডিএ রঞ্জকটির ওপর নিষেধাজ্ঞা দেয়।

গবেষণায় দেখা গেছে, ইঁদুরের তুলনায় মানুষের শরীরে রঞ্জকটির প্রভাব কম। তবে কোনো কিছুর সঙ্গে ক্যানসারের যোগসূত্র পাওয়া গেলে মার্কিন আইন অনুযায়ী সেটি নিষিদ্ধ করা বাধ্যতামূলক।

এফডিএর দেওয়া তথ্যমতে, এই রঞ্জক প্রাথমিকভাবে ক্যান্ডি, কেক, বিস্কুট, হিমায়িত মিষ্টান্ন, ফ্রস্টিংসহ কিছু ওষুধ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়।

২০২২ সালে সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্টসহ কয়েকটি গোষ্ঠীর একটি আবেদনের ফলশ্রুতিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গোষ্ঠীগুলোর অভিযোগ ছিল, রঞ্জকটির সঙ্গে ক্যানসারের যোগসূত্র থাকায় মার্কিন ভোক্তাদের, বিশেষ করে শিশুদের মধ্যে এটির ব্যাপক ব্যবহার বন্ধে রঞ্জকটি নিষিদ্ধ করা উচিত।

প্রসাধনী পণ্যে ৩৫ বছর আগে ‘রেড নম্বর ৩’ ব্যবহার নিষিদ্ধ করেছিল এফডিএ। অন্যদিকে ২০২৩ সালের অক্টোবরে খাদ্যপণ্যে রঞ্জকটির ব্যবহার নিষিদ্ধ করেছিল ক্যালিফোর্নিয়া।

যুক্তরাষ্ট্রের বাইরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় এটির ব্যবহার নিষিদ্ধ।

সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট বলেছে, এফডিএ রঞ্জকটির ওপর নিষেধাজ্ঞা দিতে অনেক দেরি করেছে। লম্বা সময় ধরে এই নিষেধাজ্ঞার জন্য চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের অলাভজনক ভোক্তা পরামর্শক গ্রুপটি।

গতকাল এক বিবৃতিতে এফডিএর প্রেসিডেন্ট ড. পিটার লুরি বলেন, লিপস্টিকে ‘রেড ৩’ ব্যবহার বেআইনি ছিল। কিন্তু ক্যানডি আকারে শিশুদের খাবারে এটির ব্যবহার যথার্থভাবে বৈধ ছিল। এফডিএ দীর্ঘদিনের এই বৈপরীত্যের অবসান ঘটাচ্ছে।

খাদ্য উৎপাদকেরা নতুন করে তাঁদের পণ্য তৈরির উপায় খুঁজে বের করতে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত ‘রেড ৩’ ব্যবহার করতে পারবেন। ওষুধ উৎপাদকেরা এ ক্ষেত্রে অতিরিক্ত আরও এক বছর অর্থাৎ ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত সময় পাবেন।

এফডিএ বলেছে, যুক্তরাষ্ট্রে খাদ্য আমদানির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা মানতে হবে।