ছোট্ট প্রাণীদের ধাওয়া করা অনেক কুকুরেরই পছন্দের। তাই বলে তো আর নিজের সামর্থ্যের বাইরে যাওয়া চলে না! সীমা ছাড়ানোর ফল হাতেনাতে পেল একটি কুকুর। কাঠবিড়ালির পিছু ধাওয়া করতে করতে মগডালে আটক পড়েছিল কুকুরটি। কোনোভাবেই সেটি আর নামতে পারছিল না। খবর দেওয়া হয় অগ্নিনির্বাপণ দপ্তরে। শেষ পর্যন্ত অগ্নিনির্বাপণকর্মীরা এসে কুকুরটিকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনেন।খবর এনডিটিভির।
কুকুর-কাঠবিড়ালির মজার এই কাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে। ঘটনাটি গত সপ্তাহের। আইডাহোর কাল্ডওয়েল ফায়ার ডিপার্টমেন্ট ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে। এতে দেখা যায়, মগডালে আটকা পড়ে আছে ইজি নামের কুকুরটি। ছবিতে আরও দেখা যায়, শহরের অগ্নিনির্বাপণকর্মীরা মই বেয়ে উঠে গাছের ডাল থেকে ইজিকে নামাচ্ছেন। কুকুরটিকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে তাকে খেতে দেওয়া হয়।
ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘নিশ্চিতভাবে গাছটিতে এটি কোনো বিড়াল নয়। গাছে কুকুর আটকা পড়ার খবরে বিকেলে ঘটনাস্থলে যায় কাল্ডওয়েল অগ্নিনির্বাপণ দপ্তর ও পুলিশের সদস্যরা। অনেক ভুলিয়ে-ভালিয়ে কুকুরটিকে নিরাপদে নামিয়ে আনা হয়। মনে হচ্ছে, পরেরবার কাঠবিড়ালি তাড়াতে সে আর এতটা বেপরোয়া হবে না।’
ঘটনার বর্ণনা দিয়ে ইজির মালিক ক্রিস্টিনা ড্যানার বলেন, একসঙ্গে জন্ম নেওয়া কয়েকটি কুকুরের মধ্যে সে সবচেয়ে ক্ষীণকায় ও দুর্বল। কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সকাল থেকে বাইরে বের হওয়ার জন্য ঘেউ ঘেউ করছিল আর কাঠবিড়ালিটিকে ধরার চেষ্টা করছিল।
কুকুর নিয়ে কাজ করে আসছে আমেরিকান কেনেল ক্লাব। তাদের মতে, ছোট্ট প্রাণীদের ধাওয়া করা কুকুরের শিকারি ঐতিহ্যেরই অংশ। আঙিনায় ছুটে বেড়ানো কাঠবিড়ালির চেয়ে অন্য কিছুই কুকুরের এত বেশি মনোযোগ আকর্ষণ করতে পারে না। কাঠবিড়ালি, পাখি, খরগোশ ও অন্যান্য ছোট্ট প্রাণীর পিছু ধাওয়া করাটা বহু কুকুরেরই প্রিয়। বাস্তবতা হলো, দিক ভোলানোয় এসব ছোট্ট প্রাণী খুবই চতুর।