যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনার ফলের অপেক্ষায় থাকা সমর্থকদের সঙ্গে কথা বলছেন ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী স্কট কোলম। ৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনার ফলের অপেক্ষায় থাকা সমর্থকদের সঙ্গে কথা বলছেন ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী স্কট কোলম। ৩ নভেম্বর ২০২৬

১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম। রিপাবলিকান দলের বর্তমান সিনেটর সিন্ডি হাইড–স্মিথকে হারিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ১৮৭৪ সাল তথা ১৫২ বছর পর অঙ্গরাজ্যটি প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ সিনেটর পেল।

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর পুনর্গঠন যুগে ১৮৭৪ সালে, মিসিসিপি থেকে সর্বশেষ একজন কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছিলেন। তাঁর নাম ব্লাঞ্চ ব্রুস। তিনি আগে দাস ছিলেন।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যটিতে কোলমের জয়কে বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে এরই মধ্যে বড় ব্যবধানে হারিয়েছে ডেমোক্র্যাটরা। মিসিসিপির এই জয় সেই ধাক্কাকে আরও বাড়িয়ে দিল।

এই জয়ের ফলে ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫। রিপাবলিকানদের আসন ৪৪। আলাস্কার একটি আসনের ফল এখনো ঘোষণা করা বাকি রয়েছে।

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও এ পর্যন্ত ৪১টি আসন বেশি পেয়েছে ডেমোক্র্যাটরা। সেখানে ১৩টি আসনের ফল ঘোষণা এখনো বাকি। এখন পর্যন্ত সেখানে ডেমোক্র্যাটদের আসন ২৫৪টি, রিপাবলিকানদের ১৬৮টি।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প। তাঁর দুই মেয়াদের মধ্যে এবারই প্রথম তাঁকে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে হচ্ছে। এতে বিরোধী দলটি নিজেদের পছন্দের আইন প্রণয়নের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনকে বাধা দিতে পারবে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের তদন্তও শুরু করতে পারবে।

মিসিসিপির সিনেট আসনটিতে এক সপ্তাহের বেশি সময় ধরে ভোট গণনা করেছেন অঙ্গরাজ্যটির নির্বাচন কর্মকর্তারা। প্রতিদ্বন্দ্বিতা এতটাই হাড্ডাহাড্ডি ছিল যে একপর্যায়ে মাত্র অল্প কিছু ভোটে এগিয়ে ছিলেন কোলম।

সর্বশেষ সংবাদমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী, কোলম ৪ হাজার ৫০০-এর বেশি ভোটে এগিয়ে আছেন। ব্যবধান ০ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।

ক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সিন্ডি হাইড–স্মিথের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডেমোক্রেটিক প্রার্থী স্কট কোলম ৪ নভেম্বর ২০২৬

৪৩ বছর বয়সী কোলম একজন জেলা অ্যাটর্নি। ১৯৮২ সালে জন স্টেনিসের পর তিনিই মিসিসিপি থেকে সিনেটে নির্বাচিত প্রথম ডেমোক্র্যাট প্রার্থী।

রিপাবলিকান দলের ৬৭ বছর বয়সী হাইড–স্মিথ ২০১৮ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন। জনমত জরিপে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প মিসিসিপিতে প্রায় ২৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবারের মধ্যবর্তী নির্বাচনের শেষ দিকে হাইড–স্মিথের পক্ষে প্রচারও চালান ট্রাম্প।

অক্টোবরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কোলম বলেন, ট্রাম্পের নীতির কারণে মিসিসিপির ভোটাররা নিজেদের প্রতারিত মনে করছেন। ইরানে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া তাঁদের ক্ষোভের একটি বড় জায়গা।

প্রচারের সময় ভোটারদের কাছে পৌঁছাতে বিভিন্ন উদ্যোগ নেন কোলম। তিনি জনসভা করেছেন, সরকারি আবাসন প্রকল্পে গেছেন, উৎসব ও খাবারের গাড়ির কাছে ভোটারদের সঙ্গে কথা বলেছেন।

কোলম বলেন, ‘আমরা কঠিন পথে এগিয়েছি। তৃণমূল পর্যায় থেকে মানুষের কাছে পৌঁছেছি।’

২০২৩ সালে কোলমকে ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিষয়ে কোলমের অবস্থানের কথা উল্লেখ করে সেই মনোনয়ন আটকে দেন হাইড–স্মিথ। মিসিসিপির আরেক রিপাবলিকান সিনেটর রজার উইকার অবশ্য তাঁর মনোনয়নের পক্ষে ছিলেন।