যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে সিসা অ্যাজাইডের পুরোনো মজুত ধ্বংসে সেনাবাহিনীর পরিকল্পিত বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিক ও টেপ দিয়ে জানালা বন্ধ করা একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি। ২৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে সিসা অ্যাজাইডের পুরোনো মজুত ধ্বংসে সেনাবাহিনীর পরিকল্পিত বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিক ও টেপ দিয়ে জানালা বন্ধ করা একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি। ২৪ নভেম্বর ২০২৬

জানালায় টেপ লাগিয়ে, বাগান ঢেকে সন্তানদের নিয়ে পালাচ্ছেন আইওয়ার অনেক বাসিন্দা

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর মিডলটাউনে এখন অস্বাভাবিক এক প্রস্তুতি চলছে। কেউ বাড়ির দরজা-জানালার ফাঁক টেপ দিয়ে বন্ধ করছেন। কেউ বাইরের আসবাবপত্র সরিয়ে ঘরের ভেতরে রাখছেন। কেউ আবার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ জায়গায় তুলে রাখছেন। সন্তানদের নিয়ে শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনাও করছেন অনেকে।

কারণ, আতঙ্কিত এ বাসিন্দাদের বাড়ির কাছেই আজ বুধবার স্থানীয় সময় সকালে (বাংলাদেশ সময় রাতে) বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে জমে থাকা প্রায় ৫ টন বিপজ্জনক বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।

সেনাবাহিনীর দাবি, বিস্ফোরকগুলো এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে যেকোনো সময় নিজেরাই বিস্ফোরিত হতে পারে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের ভয়, পরিকল্পিত বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়তে পারে সিসাযুক্ত বিষাক্ত ধূলিকণা। এতে তাঁদের পরিবার, বিশেষ করে শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

স্থানীয় বাসিন্দাদের ভয়, পরিকল্পিত বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়তে পারে সিসাযুক্ত বিষাক্ত ধূলিকণা। এতে তাঁদের পরিবার, বিশেষ করে শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

এবিসি নিউজকে স্থানীয় বাসিন্দা অ্যালেক প্যাটারসন বলেন, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। অনাগত সন্তান ও স্ত্রীকে নিরাপদ রাখতে তাঁরা এলাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। পরিস্থিতিকে ‘ভীতিকর’ বলে বর্ণনা করেন তিনি।

বিস্ফোরণের পর সিসার ধূলিকণা ছড়িয়ে পড়াই এই বাসিন্দার সবচেয়ে বড় দুশ্চিন্তা। প্যাটারসন বাড়ির দরজা-জানালার ফাঁকে রং করার কাজে ব্যবহৃত টেপ লাগিয়েছেন। বাইরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসও সরিয়ে একটি অতিরিক্ত ভবনে রেখে সেটি বন্ধ করে দিয়েছেন।

আরেক বাসিন্দা এমালিন বেক গুরুত্বপূর্ণ নথি ও পারিবারিক ছবিগুলো এমন জায়গায় সরিয়ে রাখছেন, যেগুলো পরে সহজে পরিষ্কার করা যাবে না। তাঁর আশঙ্কা, বিস্ফোরণের পর সিসার ধূলিকণা দীর্ঘ সময় ধরে আশপাশে থেকে যেতে পারে।

তবে সবাই আতঙ্কিত নন। সিন্ডি বাউম চান, বিস্ফোরণের কাজ শেষ হোক এবং শহরের জীবন যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরুক।

সেনাবাহিনী জানিয়েছে, ৬৮টি ব্যারেলে রাখা সিসা অ্যাজাইড নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা হবে। এ কাজে অঙ্গরাজ্য, স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করছে।
আইওয়ার মিডলটাউনে সেনাবাহিনীর সিসা অ্যাজাইডের পুরোনো মজুত বিস্ফোরণের প্রস্তুতির মধ্যে পরিবার নিয়ে এলাকা ছাড়ছেন স্থানীয় বাসিন্দা শন বায়ার্স। তিন শিশুসন্তানসহ পরিবারের সদস্যদের সরিয়ে নিতে গাড়িতে জিনিসপত্র তুলছেন তিনি। ২৩ নভেম্বর ২০২৬

বিস্ফোরণের পরিকল্পনাটি ঘিরে আইনি লড়াইও হয়েছে। পরিবেশবাদী সংগঠন আইওয়া এনভায়রনমেন্টাল কাউন্সিল ও সিয়েরা ক্লাব বিস্ফোরণ ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের যুক্তি, বিস্ফোরণের ফলে স্থানীয় বাসিন্দারা বিষাক্ত সিসার সংস্পর্শে আসতে পারেন। বিশেষ করে শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় যথেষ্ট সুরক্ষা, পর্যবেক্ষণ ও পরিচ্ছন্নতার ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। তবে গত সোমবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত সংগঠনগুলোর জরুরি আবেদন খারিজ করে দেন। এতে বিস্ফোরণ আয়োজনের পথে আইনি বাধা কেটে যায়।

সেনাবাহিনী জানিয়েছে, ৬৮টি ব্যারেলে রাখা সিসা অ্যাজাইড নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা হবে। এ কাজে অঙ্গরাজ্য, স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করছে। ভারপ্রাপ্ত আর্মি সেক্রেটারি অ্যাডাম টেলে বলেছেন, বিশেষজ্ঞ সংস্থাগুলো এ সিদ্ধান্তে একমত। আইওয়ার বর্তমান ও পরবর্তী গভর্নরও বিষয়টি বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে। তাঁর ভাষ্য, নাগরিকদের নিরাপত্তাই সেনাবাহিনীর প্রথম অগ্রাধিকার।

সিসা অ্যাজাইড কী, আর এটি নিয়ে এত উদ্বেগ কেন

এটি একধরনের অত্যন্ত সংবেদনশীল বিস্ফোরক। সামরিক গোলাবারুদ বিস্ফোরণের প্রক্রিয়া শুরু করতে এটি ব্যবহার করা হয়। আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে কয়েক দশক ধরে রাসায়নিকটি সংরক্ষণ করা হচ্ছিল।

সেনাবাহিনীর ভাষ্যমতে, দীর্ঘদিন সংরক্ষণের ফলে ব্যারেলের ভেতরে থাকা পদার্থটি আবার দানাদার বা স্ফটিকের মতো জমাট বেঁধেছে। এতে এটি আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। সামান্য ঘর্ষণ, ঝাঁকুনি বা তাপমাত্রার পরিবর্তনেও বিস্ফোরণ ঘটতে পারে।

কারখানাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এখানে আট দশকের বেশি সময় ধরে কামানের গোলা ও যুদ্ধাস্ত্র তৈরি করা হয়েছে। প্রায় ১৯ হাজার একরজুড়ে বিস্তৃত স্থাপনাটি আইওয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রামীণ এলাকায়। পাশেই মিডলটাউন শহর। সেনাবাহিনীর পরিকল্পনা হলো, মাটি ও কংক্রিটের স্তরের নিচে রাখা বিস্ফোরকগুলো সেখানেই নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা। তবে এতে সিসাযুক্ত ধূলিকণা বাতাসে ছড়াতে পারে; যা আশপাশের এলাকা, ভূগর্ভস্থ পানি ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দেওয়া ২০২৪ সালের ১৪ মে তোলা ছবিতে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টের একটি অংশ

বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার বিকল্প পদ্ধতিও খতিয়ে দেখেছিল সেনাবাহিনী। আদালতের নথি অনুযায়ী, এ জন্য জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞরা সম্ভাব্য পদ্ধতি, প্রযুক্তিগত মূল্যায়ন ও ঝুঁকি বিশ্লেষণ করেন। মার্চে জর্জিয়াভিত্তিক প্রতিষ্ঠান মুনিরেম এনভায়রনমেন্টালের সঙ্গে চুক্তি করে সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি বিস্ফোরণ ছাড়াই রাসায়নিক ব্যবহার করে সামরিক গোলাবারুদ নিষ্ক্রিয় করে থাকে। কিন্তু দুই মাস পর নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে চুক্তি বাতিল করা হয়।

সেনাবাহিনীর এক কর্মকর্তা আদালতে দেওয়া চিঠিতে বলেছেন, সামরিক ও কেন্দ্রীয় সরকারের বিস্ফোরক নিরাপত্তা-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা একমত হয়েছেন, এটি নিষ্ক্রিয় করার একমাত্র নিরাপদ উপায় নিয়ন্ত্রিত বিস্ফোরণ।

তবে মুনিরেমের প্রধান নির্বাহী ভ্যালেন্টাইন এনজেঙ্গুং সিএনএনকে বলেছেন, সেনাবাহিনী তাঁদের জানিয়েছিল, মূল্যায়নের পর নিয়ন্ত্রিত বিস্ফোরণকেই সবচেয়ে নিরাপদ পদ্ধতি মনে হয়েছে। এর বেশি বিস্তারিত জানানো হয়নি।

পরিবেশবাদীদের আপত্তির জবাবে মার্কিন সরকার বলেছে, বিস্ফোরণ ঘটালে সিসার ধূলিকণা ছড়াবে—এ কথা তারা অস্বীকার করছে না। তবে তাদের যুক্তি, নিয়ন্ত্রিত বিস্ফোরণে এই ছড়িয়ে পড়া যতটা সম্ভব কমানো যাবে। অন্যদিকে, বিস্ফোরকগুলো এভাবেই রেখে দিলে অনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঝুঁকি বাড়তে পারে। সরকারের বক্তব্য, তাই বিকল্পটি বিস্ফোরণ না ঘটানো নয়; বরং আগে থেকে সময় ও আবহাওয়া ঠিক করে, সতর্কতা জারি করে এবং পর্যবেক্ষণ ও পরিষ্কারের ব্যবস্থা রেখে বিস্ফোরণ ঘটানো, অথবা যেকোনো মুহূর্তে সতর্কতা ছাড়াই বিস্ফোরণের ঝুঁকি নেওয়া।

বিস্ফোরণের আগে ও পরে বাসিন্দাদের সুরক্ষায় কিছু নির্দেশনা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মিডলটাউন ও আশপাশের নির্দিষ্ট এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমা। কারখানার দক্ষিণ-পশ্চিমে ৫ মাইল পর্যন্ত বিস্তৃত এলাকার বাসিন্দাদের সতর্কতামূলকভাবে স্থানান্তরের আওতায় রাখা হয়েছে। অন্যদের ঘরের জানালা-দরজা বন্ধ রাখতে, শীতাতপনিয়ন্ত্রণ ও হিটিং ব্যবস্থায় বাইরের বাতাসের প্রবেশ বন্ধ করে ঘরের বাতাস পুনর্ব্যবহারের ব্যবস্থা চালু করতে বলা হয়েছে। সম্ভব হলে ঘরের বাতাস পরিশোধক ফিল্টারও বদলে নিতে বলা হয়েছে।

আইওয়ার অগাস্টায় সিসা অ্যাজাইডের পুরোনো মজুত বিস্ফোরণের প্রস্তুতির মধ্যে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে সতর্কতামূলক সাইনবোর্ড দেখা যাচ্ছে । ২৩ নভেম্বর ২০২৬

বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে শিশু, ৬ বছরের কম বয়সী শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে। বিস্ফোরণের পরও অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সেনাবাহিনী ও পরিবেশ সুরক্ষা সংস্থার কর্মীরা বিস্ফোরণের আগে, বিস্ফোরণের সময় এবং পরে বাতাস, মাটি ও পানির নমুনা পরীক্ষা করবেন। কোথায় সিসাযুক্ত ধূলিকণা ছড়াতে পারে, সে বিষয়ে মানচিত্রও প্রকাশ করার কথা জানিয়েছে সেনাবাহিনী।

আইওয়ার বাসিন্দাদের সামনে এখন তাই এক কঠিন পরিস্থিতি। সেনাবাহিনী বলছে, বিপজ্জনক হয়ে ওঠা বিস্ফোরক ধ্বংস না করলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ, সেই বিপদ ঠেকাতে গিয়ে যেন নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি না হয়। বিস্ফোরণটি নির্ধারিত সময়েই হবে কি না, আর হলে তার পরিণতি কী দাঁড়াবে—তা নির্ভর করছে আবহাওয়া, নিরাপত্তাব্যবস্থা এবং বিস্ফোরণ-পরবর্তী পরীক্ষার ফলের ওপর।