
পোল্যান্ডের পার্লামেন্ট স্পিকার ভ্লোঝিমিয়েশ চারঝাস্তির সঙ্গে যোগাযোগ ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ওয়ারশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম রোজ। চারঝাস্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমান করেছেন—এমন অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।
চারঝাস্তি গত সোমবার ট্রাম্পের নীতির সমালোচনা করেছিলেন ও মার্কিন প্রেসিডেন্টের নোবেল পুরস্কার পাওয়ার চেষ্টাকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
চারঝাস্তি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এবং ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানার প্রস্তাবিত একটি উদ্যোগকে সমর্থন করবেন না। ওই উদ্যোগের লক্ষ্য হলো, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০২৬ সালে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে বিভিন্ন দেশের পার্লামেন্ট প্রধানদের একত্র করা।
সাংবাদিকদের চারঝাস্তি বলেন, ‘আমার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প বলপ্রয়োগের রাজনীতির প্রতিনিধিত্ব করছেন এবং লাভ-ক্ষতিভিত্তিক হিসাবের নীতি বাস্তবায়নে শক্তি ব্যবহার করছেন। এর মধ্য দিয়ে তিনি এসব (আন্তর্জাতিক) সংস্থার পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছেন।’
পোল্যান্ডের স্পিকার আরও বলেন, ‘এ সবকিছুর অর্থ দাঁড়াচ্ছে, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল পুরস্কারের মনোনয়নকে সমর্থন করব না। কারণ, তিনি তা পাওয়ার যোগ্য নন।’
চারঝাস্তি পোল্যান্ডের বর্তমান সরকারে থাকা জোট দ্য লেফটের নেতা।
চারঝাস্তির বক্তব্যে গতকাল বৃহস্পতিবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন রাষ্ট্রদূত রোজ। তিনি বলেন, ওয়াশিংটন চারঝাস্তির সঙ্গে আর কোনো ‘লেনদেন, যোগাযোগ বা কথাবার্তা’ চালাবে না। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এক্সে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত লেখেন, ‘(চারঝাস্তি) বিনা উসকানিতে ও ক্রোধের সঙ্গে ট্রাম্পকে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছেন, তা (পোল্যান্ডের) প্রধানমন্ত্রী টাস্ক ও তাঁর সরকারের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’
রাষ্ট্রদূত আরও লেখেন, ‘আমরা কাউকে যুক্তরাষ্ট্র–পোল্যান্ড সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে দেব না। যে মানুষটি (ট্রাম্প) পোল্যান্ড ও পোলিশ জনগণের জন্য এত কিছু করেছেন; তাঁরও অসম্মান হতে দেব না।’
জবাবে এক্সে পাল্টা পোস্ট দিয়েছেন চারঝাস্তি। তিনি লিখেছেন, রাষ্ট্রদূতের প্রতিক্রিয়ায় তিনি অনুতপ্ত। তবে তিনি (চারঝাস্তি) মৌলিক বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করবেন না।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও প্রতিক্রিয়া জানিয়েছেন।
এক্সে টাস্ক লিখেছেন, ‘রাষ্ট্রদূত রোজ, মিত্রদের একে অপরকে সম্মান করা উচিত, উপদেশ দেওয়া নয়। অন্তত আমরা পোল্যান্ডে পারস্পরিক সহযোগিতা বলতে এটাকেই বুঝি।’