লিন্ডা সিনরড
লিন্ডা সিনরড

৮৪ বছর বয়সে আইস হকি খেললেন এই নারী

সবচেয়ে বেশি বয়সী নারী আইস হকি খেলোয়াড় হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের লিন্ডা সিনরড। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গত বছরের ৭ এপ্রিল দ্য ক্যাপিটালস উইমেন্স হকি লিগে ‘গ্রে’ দলের হয়ে খেলতে নামেন লিন্ডা। ম্যাচে তাঁর দল হারলেও মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়েন তিনি। সেদিন লিন্ডার বয়স ছিল ৮৪ বছর ১৯৮ দিন। আর ওটাই ছিল তাঁর শেষ ম্যাচ।

লিন্ডা সেদিন অবশ্য নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে লিন্ডা বলেন, ‘এটা ছিল অম্লমধুর অনুভূতি। আমার কাছে এটা অনেকটা এক যুগের অবসান হওয়ার মতো। কারণ, বহুদিন ধরে হকি খেলা ছিল আমার ভালোবাসা।’

লিন্ডা অবশ্য অন্যদের চেয়ে একটু বেশি বয়সেই আইস হকি খেলা শুরু করেন। তিনি ৩৫ বছর বয়সে এ খেলা শুরু করেন। এর আগে কলেজে তিনি ‘ফিগার স্কেটার’ ছিলেন। কলেজ পাসের পর ফিগার স্কেটিং ছেড়ে দেন।

তীব্র ঠান্ডার এক দিনে তরুণী লিন্ডা নিজ বাড়ির কাছে জমে বরফ হয়ে যাওয়া একটি হ্রদে স্কেটিং করছিলেন। তখন একজন তাঁকে আইস হকি খেলার পরামর্শ দেন। সেই থেকে শুরু।

যদিও ১৯৭৫ সালে নারীদের জন্য এ খেলায় কোনো পেশাদার লিগ ছিল না। নারী খেলোয়াড়দের জন্য অলিম্পিক স্বীকৃতিও তখন ছিল না।

‘আইভি লিগ’ বিশ্ববিদ্যালয়ে প্রতিভাবান মেয়েরা খেলার সুযোগ পেলেও, অধিকাংশ স্কেটারের জন্য ভালো মানের কোনো দলে যোগ দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু লিন্ডা হকি খেলায় এতটাই আনন্দ পেতেন যে তিনি ওয়াশিংটন ডিসি অঞ্চলের প্রথম নারী আইস হকি দলের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হয়ে ওঠেন। তিনি নিজের গড়া দলে ১০ বছর খেলেছেন।

মধ্য চল্লিশের পর লিন্ডার মনে হয়েছিল, খেলোয়াড় হিসেবে তাঁর বয়স হয়ে গেছে। তাই তিনি প্রথমবার অবসরের ঘোষণা দেন। প্রায় দুই দশক পর একদিন তিনি গুগলে নিজের পুরোনো সহখেলোয়াড়দের খুঁজতে বসেন। তাঁরা কে কী করছেন, শুরুতে সেটা জানাই তাঁর উদ্দেশ্য ছিল।

লিন্ডা জানতে পারেন, তাঁর ৬৭ বছর বয়সী একজন সাবেক সহখেলোয়াড় একটি দলের কোচ হিসেবে এখনো কাজ করছেন। এটাই তাঁকে নতুন করে খেলায় ফেরার অনুপ্রেরণা জোগায়। ঠিকই তিনি খেলায় ফেরার সিদ্ধান্ত নেন।

যখন খেলায় ফেরেন তখন লিন্ডার দলের বাকি খেলোয়াড়দের বেশির ভাগই তাঁর থেকে অন্তত ২০ বছরের ছোট। এ দফায় আট বছর খেলার পর তিনি আবার অবসরে যান। সেবার লিগ থেকে তাঁকে অবসরে যেতে বলা হয়েছিল।

ওই সময় লিন্ডার বয়স ছিল ৭৫ বছর। লিগ থেকে বলা হয়েছিল, তাঁর পারফরম্যান্স আর প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য যথেষ্ট নয়। খেলোয়াড়সুলভ স্বভাবে লিন্ডা বিষয়টি মেনে নেন। তারপর তিনি ক্যাপিটালস লিগে যোগ দেন।

লিন্ডা বলেন, ‘আমি অন্যদের বলতে চাই, খেলা শুরু করার জন্য কখনো বয়স বেশি হয় না। আমি ৪৫ বছর বয়সে ভেবেছিলাম আর খেলতে পারব না, হকি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ৬৭ বছর বয়সে আবার খেলা শুরু করি।’