জেফরি এপস্টিন ও অনিল আম্বানি
জেফরি এপস্টিন ও অনিল আম্বানি

এপস্টিন–অনিল আম্বানির ফাঁস হওয়া বার্তায় ‘দীর্ঘাঙ্গি সুইডিশ স্বর্ণকেশী’

প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের প্রভাববলয় যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। নতুন করে ফাঁস হওয়া মার্কিন বিচার বিভাগের নথিতে দেখা গেছে, ভারতের শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে এপস্টিনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে গালফ নিউজ বলছে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত এপস্টিন ও অনিল আম্বানির মধ্যে আদান–প্রদান হওয়া একাধিক বার্তায় ব্যবসা, বিশ্ব পরিস্থিতি, নারী এবং সরাসরি সাক্ষাতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
২০১৭ সালের মার্চে পাঠানো এক বার্তায় অনিল আম্বানি এপস্টিনের কাছে জানতে চান—‘তুমি কার কথা বলবে?’ জবাবে এপস্টিন লেখেন, ‘একজন দীর্ঘাঙ্গি সুইডিশ স্বর্ণকেশী নারী, যেন সফরটা মজার হয়।’ এর পরপরই আম্বানির উত্তর ছিল—‘ওটার ব্যবস্থা করো।’

প্যারিস ও নিউইয়র্কে বৈঠকের পরিকল্পনা

নথিতে প্যারিসে সাক্ষাতের পরিকল্পনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ২০১৮ সালে দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

২০১৯ সালের মে মাসে অনিল আম্বানি নিউইয়র্ক সফরের পরিকল্পনা করলে এপস্টিন তাঁকে ম্যানহাটানে নিজের বাসায় আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি লেখেন, ‘যদি তুমি কারও সঙ্গে একান্তে দেখা করতে চাও, আমাকে জানিয়ো।’

আম্বানি পরিবার ও হলিউড সংযোগ

প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টিন আম্বানি পরিবারের ব্যবসায়িক ইতিহাস সম্পর্কেও আগ্রহী ছিলেন। এ কারণে তিনি ‘আম্বানি অ্যান্ড সন্স’ ও ‘স্ট্রর্মস ইন দ্য সি উইন্ড: আম্বানি ভার্সেস আম্বানি’ বই দুটি সংগ্রহ করেছিলেন।

আদান–প্রদান হওয়া বার্তাগুলো থেকে জানা গেছে, হলিউডে আম্বানির যোগাযোগের ব্যাপারে জানতে চাইতেন এপস্টিন। এক কথোপকথনে তিনি জানতে চান, ‘এমন কোনো অভিনেত্রী বা মডেল আছেন, যিনি আম্বানির রুচির প্রতিনিধিত্ব করেন? আশা করছি মেরিল স্ট্রিপ নন। এ ক্ষেত্রে আমি কোনো সহযোগিতা করতে পারব না।’

জবাবে অনিল আম্বানি বলেন, তাঁর রুচি আরও ভালো। তাঁদের পরবর্তী সিনেমায় স্কারলেট জোহানসন অভিনয় করবেন। জবাবে এপস্টিন লেখেন, ‘আমি খুশি যে তুমি বয়স্কদের চেয়ে তরুণ স্বর্ণকেশী পছন্দ করো।’

রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সহপ্রযোজনায় নির্মিত ‘ঘোস্ট ইন দ্য শেল’ সিনেমায় অভিনয় করেছিলেন স্কারলেট জোহানসন।

৬৬ বছর বয়সী অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রণ তাঁর ভাই ৬৮ বছর বয়সী মুকেশ আম্বানির হাতে। বর্তমানে তিনি এশিয়ার ধনীতম ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ ৯৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।  

গত এক দশকে এই দুই ভাইয়ের আর্থিক অবস্থানের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। অনিল আম্বানি বর্তমানে আর্থিক সংকটে পড়েছেন এবং ভারতে কথিত ব্যাংক ঋণ জালিয়াতি নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

পরামর্শ নিয়ে, আটঘাট বেঁধে

এসব বার্তা চালাচালি বলছে, এপস্টিন তাঁর বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছাতে চাইতেন—এমনকি যুক্তরাষ্ট্রের বাইরেও। এই লক্ষ্যে তিনি আম্বানি পরিবারের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে অনিল আম্বানি সম্পর্কে ভারতীয় বংশোদ্ভুত মার্কিন গুরু দীপক চোপড়া এপস্টিনকে বলেন, তিনি অত্যন্ত ধনী। খুব বেশি পরিচিতি হতে আগ্রহী ও সেলিব্রিটি–সচেতন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দুই ভাই অনিল ও মুকেশ আম্বানির মধ্যে সম্পর্ক ভালো নয়।

আম্বানি পরিবারের সঙ্গে যোগাযোগ বাড়াতে এপস্টিন টম প্রিটজকার ও পিটার থিয়েলের মতো ব্যবসায়িক ব্যক্তিদের কাছ থেকেও পরামর্শ নেন। প্রিটজকার পরামর্শ দেন, অনিলের সঙ্গে পিটার থিয়েলের পরিচিত হওয়া উচিত।

২০১৯ সালের মে মাসে নিউইয়র্কে সাক্ষাতের পর এপস্টিন অনিল আম্বানিকে একটি বার্তা পাঠান। সেখানে তিনি লেখেন, ‘আজকের দিনটা দারুণ ছিল, তোমার সঙ্গে দেখা করে ভালো লাগল।’