ইউক্রেনে সাড়ে ২৭ কোটি ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র

হিমার্স রকেট ব্যবস্থা
ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউক্রেনে যুক্তরাষ্ট্র ২৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এর আওতায় ড্রোনবিধ্বংসী অস্ত্রসহ শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। এ–সংক্রান্ত একটি নথি এবং এই সহায়তা প্যাকেজ–সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার নথিটি হাতে পেয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার এ সহায়তা ঘোষণা করা হতে পারে। তবে এ সহায়তা–প্যাকেজের আওতায় যেসব ড্রোনবিধ্বংসী এবং বিমান প্রতিরক্ষার সরঞ্জাম পাঠানো হবে, তার বিস্তারিত জানা যায়নি।

হাতে পাওয়া নথি আর সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রয়টার্স বলছে, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) জন্য লকহিড মার্টিনের তৈরি রকেট, ১৫৫ এমএম গোলা, সামরিক যান এবং জেনারেটর পাঠানো হতে পারে।

এ ব্যাপারে হোয়াইট হাউসের মন্তব্য জানার চেষ্টা করছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এ সহায়তা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ সহায়তা–প্যাকেজের আকার ও উপকরণের পরিবর্তন হওয়ার সুযোগ আছে।

যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোকে সামরিক সহায়তা পাঠানোর জন্য রূপরেখা প্রণয়নকারী কর্তৃপক্ষের (পিডিএ) তত্ত্বাবধানে ২৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের এ সহায়তা পাঠানো হবে। পিডিএর অধীনে জরুরি পরিস্থিতিতে দ্রুত সামরিক সহায়তা পাঠানো যায়। এর জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়ে না।

নভেম্বরে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, ইউক্রেনে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সরবরাহ থামিয়ে দিতে এবং দেশটির আকাশসীমায় আধিপত্য বিস্তারের কথা মাথায় রেখে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ বাড়িয়েছে।
এসব হামলা ঠেকাতে ইউক্রেনের বিমানবিধ্বংসী নাসামস–ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন এ ব্যবস্থা সক্রিয় রেখেছে।

এর আগে ওয়াশিংটন ঘোষণা করেছে, তারা ইউক্রেনের জন্য চারটি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অ্যাভেঞ্জার এবং হক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে ১ হাজার ৯১০ কোটি ডলার মূল্যের নিরাপত্তাসহায়তা পাঠিয়েছে। আগামী বছর ইউক্রেনকে কমপক্ষে ৮০ কোটি ডলার মূল্যের অতিরিক্ত নিরাপত্তাসহায়তা পাঠানোর ব্যাপারে মার্কিন আইনপ্রণেতারা সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাঠাচ্ছে।