
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন। কয়েক মাস ধরে বিতর্ক চলার পর গতকাল বৃহস্পতিবার তিনি বরখাস্ত হন।
মিনিয়াপোলিস শহরে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিকের মৃত্যুসহ বিভিন্ন ঘটনায় নোয়েম বিতর্কিত ছিলেন। ২২ কোটি ডলারের একটি বিজ্ঞাপন চুক্তি নিয়ে আইনপ্রণেতাদের প্রশ্নেরও মুখোমুখি হয়েছিলেন তিনি।
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নোয়েমের জায়গায় এখন মার্কওয়েন মোলেনকে নিয়োগ দেওয়া হবে। ট্রাম্প গতকাল তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ তথ্য জানান।
তবে এই নিয়োগ কার্যকর হতে হলে মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।
ক্রিস্টি নোয়েম আগে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। তিনি ট্রাম্পের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত সদস্যদের একজন হয়ে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলোয় নোয়েম অভিবাসীদের বিষয়ে কঠোর ভাষা ব্যবহার করতেন, তাঁদের বিরুদ্ধে কথিত অপরাধের ঘটনা তুলে ধরতেন এবং অনেক সময় তীব্র রকমের আক্রমণাত্মক বক্তব্য দিতেন।
অভিবাসীদের বিরুদ্ধে কঠোর দমন অভিযানের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন নোয়েম। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের বিষয়টি ক্রমাগত জনসমর্থন হারাচ্ছে। তাঁর বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিবাসন নীতি নতুন করে সাজানোর সুযোগ করে দিতে পারে। অভিবাসন নীতি ছিল ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার অন্যতম প্রধান বিষয়।
ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পর নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে ঐতিহাসিক সাফল্য
অর্জন করেছি, যেন যুক্তরাষ্ট্রকে আবার নিরাপদ করা যায়।’
চলতি সপ্তাহে কংগ্রেসের শুনানিতে ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিস্টি নোয়েমের অভিবাসন আইন প্রয়োগের পদ্ধতি ও তাঁর দপ্তর পরিচালনার ধরন নিয়ে সমালোচনা করেন। বিশেষ করে ২২ কোটি ডলারের একটি বিজ্ঞাপনী প্রচারাভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রচারণায় নোয়েমকে ব্যাপকভাবে উপস্থাপন করা হয়েছিল এবং স্বাভাবিক দরপত্রের প্রক্রিয়া ছাড়াই রিপাবলিকান দলঘেঁষা দুটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হয়েছিল।
নোয়েমের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন ওঠে। গত বুধবার এক শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতা সিডনি ক্যামলাগার জানতে চান, নোয়েমের সঙ্গে তাঁর শীর্ষ উপদেষ্টা কোরি লেওয়ানডৌস্কির যৌন সম্পর্ক হয়েছিল কি না। দুজনই বিবাহিত।
এই প্রশ্নকে নোয়েম ‘ট্যাবলয়েড ধরনের আবর্জনা’ বলে আখ্যা দেন। এ ব্যাপারে বক্তব্য জানতে লেওয়ানডৌস্কির বক্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে সাড়া পাওয়া যায়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই বিজ্ঞাপন প্রচারণায় তিনি অনুমোদন দেননি। প্রচারণাটিতে নোয়েমকে মুখ্যভাবে তুলে ধরা হয়েছিল এবং তাঁর নিজ অঙ্গরাজ্য সাউথ ডাকোটাতে ঘোড়ায় চড়ে থাকার একটি দৃশ্যও ছিল।