
যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ নভেম্বর দেশটির মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনের ফল যদি রিপাবলিকান দলের পক্ষ থেকে মেনে না নেওয়া হয়, তবে গণতন্ত্রের ভবিষ্যৎ বিপন্ন হবে বলে মনে করেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রক্ষণশীলদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। এ পরিস্থিতিতে রিপাবলিকানদের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকানরা বাইডেনের বিজয় মেনে নেননি।
বাইডেন টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিটি স্তর থেকে প্রার্থীরা নির্বাচনে লড়ছেন। নির্বাচনে তাঁদের অনেকেই ফল মেনে নিতে চাইবেন না।
তাঁদের লক্ষ্য হচ্ছে ট্রাম্পের নেতৃত্ব অনুসরণ করা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করা। এতে যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলার পথ সৃষ্টি হবে। এটা অনাকাঙ্ক্ষিত ও বেআইনি। এটা আমেরিকানদের সঙ্গে যায় না।’
মধ্যবর্তী নির্বাচনের মাত্র ছয় দিন আগে দেওয়া বক্তৃতায় বাইডেন এই সতর্কবার্তা জানালেন। তবে এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা জয় পেতে পারেন। এমনকি সিনেটও তাদের দখলে চলে যেতে পারে।