কর্মক্ষেত্রে কঠিন সময় পার করছে নারী: আইএলও

কর্মক্ষেত্রে নারী।
 এএফপি প্রতীকী ছবি

বিশ্বব্যাপী কর্মসংস্থানের ক্ষেত্রে নারীরা প্রত্যাশার চেয়ে কঠিন সময় পার করছেন। জাতিসংঘ গতকাল সোমবার বলেছে, গত দুই দশকে কর্মক্ষেত্রে লৈঙ্গিক বৈষম্য ও বেতন বৈষম্যে খুব সামান্য অগ্রগতি হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলেছে, চাকরি নেই এবং চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের শনাক্তে তারা নতুন সূচকের উন্নয়ন করেছে।

আন্তর্জাতিক নারী দিবসের দুই দিন আগে আইএলও এক বিবৃতিতে বলেছে, এই সূচকে কর্মক্ষেত্রে নারীদের অনেক দুর্বল অবস্থা তুলে ধরা হয়েছে। নতুন পরিসংখ্যান বলছে, পুরুষদের তুলনায় নারীদের চাকরি খোঁজা এখন অনেক কঠিন।

আইএলওর নতুন পরিসংখ্যান বলছে, বিশ্বব্যাপী ১৫ শতাংশ নারী চাকরি করতে আগ্রহী। তবে তাঁরা চাকরি পাচ্ছেন না। আর পুরুষদের ক্ষেত্রে এই হার ১০.৫ শতাংশ। দুই দশক ধরে লৈঙ্গিক এই বৈষম্য একই রকম। তবে সরকারি হিসাবে নারী ও পুরুষের বেকারত্বের হার প্রায় একই।

তবে আইএলও বলছে, বেকারত্ব নির্ধারণের যে মানদণ্ড রয়েছে তাতে নারীদের বাদ দেওয়া হয়। সংসারের অবৈতনিক কাজগুলো নারীদের ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এ ধরনের দায়িত্বের কারণে নারীরা কর্মক্ষেত্রে যাওয়া থেকে কেবল বঞ্চিত হন না, বরং সক্রিয়ভাবে চাকরি খোঁজা বা স্বল্প সময়ের মধ্যে চাকরি করাও তাঁদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু বেকারত্ব নির্ধারণের জন্য এগুলোকে মানদণ্ড হিসেবে ধরা হয়।

জাতিসংঘের শ্রম সংস্থা বলছে, নিম্ন আয়ের দেশগুলোয় চাকরির ক্ষেত্রে এই বৈষম্য বেশি। এসব দেশে প্রায় এক–চতুর্থাংশ নারী চাকরি খুঁজতে ব্যর্থ হন। আর পুরুষদের ক্ষেত্রে এই হার ১৭ শতাংশের নিচে।
আইএলও আরও বলছে, সুরক্ষিত নয় এমন চাকরির ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বেশি দেখা গেছে। যেমন স্বজনের ব্যবসায় সহায়তার কাজে যুক্ত হন নারী। এই ঝুঁকি, চাকরির নিম্ন হার, নারীদের উপার্জনে প্রভাব ফেলে।

বিশ্বব্যাপী পুরুষের আয়ের অর্ধেকের সামান্য বেশি উপার্জন করেন নারী। অর্থাৎ পুরুষের আয় ১ ডলার হলে নারীর আয় ৫১ সেন্ট।

বেতনের এই বৈষম্য অঞ্চলভেদে ভিন্ন। নিম্ন আয়ের দেশগুলোয় নারীর আয় অর্ধেকেরও কম। ৩৩ সেন্ট। আর উচ্চ আয়ের দেশগুলোয় ৫৮ সেন্ট।

আইএলও বলছে, চাকরিতে নারীদের নিম্ন হার এবং আয়ের ক্ষেত্রে গড় নিম্ন হার এই বেতনের বৈষম্যের ক্ষেত্রে প্রভাব ফেলেছে।