বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েটে ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুয়েটের উপাচার্য একরামুল হক আজ বুধবার প্রথম আলোকে বলেন, আজ তাঁদের একাডেমিক কাউন্সিলের সভা ছিল। সভা চলাকালেই তাঁরা জানতে পারেন যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায়ও এ নিয়ে আলোচনা হয়েছে। এসব বিবেচনায় তাঁরা ভর্তি পরীক্ষার সময় দুই দুপ্তাহ পিছিয়ে দিয়েছেন। এর ফলে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনো পরীক্ষার্থী যোগ্য হলে বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

উপাচার্য জানান, ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর। তা চলবে জানুয়ারির ৭ বা ৮ তারিখ পর্যন্ত।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর। এ পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। ফলাফল প্রকাশিত হবে ডিসেম্বরের শেষ নাগাদ।

অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এ সুযোগ রেখেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনছে বা আয়োজন করছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো কোনো কোনো বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চাইছিল না।

আরও পড়ুন

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন। এরপর বুয়েট ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন