সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ‘সেই কথা যে শেষ কথা হইব, তা কে জানত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াই মাস আগে জিয়াসমিন আক্তারের সঙ্গে বিয়ে হয় রবিনের
ছবি: সংগৃহীত

আড়াই মাস আগে বিয়ে করেছিলেন মো. রবিন হোসেন। তবে নববধূ জিয়াসমিন আক্তারকে নিজ বাড়িতে নেননি। কথা ছিল, আগামী ঈদুল ফিতরের পর ধুমধাম আয়োজনে নববধূকে ঘরে তুলবেন। কিন্তু গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের শিকার রবিন নিজেই ফিরছেন লাশ হয়ে।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে হলইপুঠী গ্রামে বাড়ি রবিনদের। আর তাঁর স্ত্রী জিয়াসমিনের বাড়ি পাশের পশ্চিম বড় কাছনা গ্রামে।

আরও পড়ুন

রবিনের লাশ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তাঁর শ্বশুর নুরুল ইসলাম ফকির। সেখানে তাঁর সঙ্গে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘মাত্র আড়াই মাস আগে বিয়ে হইছে। এর মধ্যেই জামাইকে আল্লাহ নিয়ে গেল। মেয়ে আমাদের বাড়িতেই আছে। এখনো রবিনের মৃত্যুর খবর মেয়েকে দিই নাই।’

সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহত মো. রবিন হোসেন
ছবি: সংগৃহীত

গতকাল গুলিস্তানের সিদ্দিকবাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ আগেও জিয়াসমিনের মুঠোফোনে কল করেছিলেন রবিন। নুরুল ইসলাম বলেন, ‘জামাই মেয়েরে বলেছে, আমি নামাজ পড়তে যাব। পরে তোমারে কল করব। এরপরই মনে হয় জামাই মারা গেছে। সেই কথা যে শেষ কথা হইব, তা কে জানত।’

আরও পড়ুন
মেয়ের জামাইয়ের লাশের অপেক্ষায় হাসপাতালে রবিনের শ্বশুর নুরুল ইসলাম ফকির
ছবি: প্রদীপ সরকার

আনিকা এজেন্সি নামের একটি স্যানিটারি পণ্যের দোকানে কাজ করতেন রবিন। তাঁর বাবার নাম মো. সোহরাব হোসেন। তিন ভাইয়ের মধ্যে রবিন ছিলেন সবার ছোট। এ বিস্ফোরণে গতকাল রাতে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানের সমাপ্তি টানার আগপর্যন্ত বিধ্বস্ত ভবনটি থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়। আজ বিকেলে রবিন ও আনিকা এজেন্সির মালিক মমিনুল সুমনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রবিনের লাশ আসে সবার শেষে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২০।

আরও পড়ুন

গত ২১ ফেব্রুয়ারি শ্বশুরবাড়িতে গিয়েছিলেন রবিন। তাঁর শ্বশুর নুরুল ইসলাম বলেন, ‘সেবার রবিন আমাদের বাড়িতে চার দিন ছিল।’ মর্গের সামনে যখন নুরুল ইসলামের সঙ্গে কথা হচ্ছিল তখন তাঁর পাশে ছিলেন রবিনের ফুফাতো ভাই আল আমিন। তিনি জানালেন, ‘গতকাল ছিল পবিত্র শবে বরাত। রবিন আমাকে জানিয়েছিল, শবে বরাতের ছুটির সঙ্গে আরও দু–একদিন ছুটি নিয়ে সে গ্রামের বাড়িতে যাবে। তবে রবিন সেই সুযোগ আর পাইল না।’

আরও পড়ুন
সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বিকেলে
ছবি: প্রথম আলো

আজ বুধবার বিকেলে রবিনের লাশ যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত করেন স্বজনেরা, তখন পাঁচ-ছয়জন আত্মীয় একে অপরকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছিলেন। একজন মুঠোফোনে কান্না করতে করতে বলছিলেন, ‘খালা রবিনকে পাওয়া গেছে।’ আরেকজন বিলাপ করছিলেন, ‘এইডা আমার রবিন বিশ্বাসই অয় না।’

আরও পড়ুন