ঢাকার প্রবেশমুখগুলোর তল্লাশিচৌকি তুলে নিয়েছে পুলিশ
বিএনপির শনিবারের গণসমাবেশ শেষ হওয়ার পর তল্লাশিচৌকি তুলে নিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে গাবতলী ব্রিজ এলাকা ঘুরে কোনো তল্লাশিচৌকি দেখা যায়নি। টঙ্গীর আবদুল্লাহপুর ও উত্তরার আজমপুর এলাকার তল্লাশিচৌকিও তুলে নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ডিসেম্বরের নানা কর্মসূচিকে সামনে রেখে সারা দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ঢাকার প্রবেশমুখগুলোতে বসানো তল্লাশিচৌকিও বিশেষ অভিযানের অংশ। তবে এখন পুলিশ বলছে, তল্লাশিচৌকি তুলে নেওয়া হলেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বিএনপির অভিযোগ, গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকাতে পুলিশ বিশেষ অভিযানের নামে বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার করেছে। তল্লাশিচৌকি বসিয়ে ঢাকায় আসা নেতা–কর্মীদের হয়রানি করা হয়েছে।
পাটুরিয়া–গাবতলী রুটের চলাচলকারী সেলফি পরিবহনের চালক রশিদ মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল সমাবেশ শেষ হওয়ার পর থেকেই গাবতলী এলাকায় বসানো পুলিশের তল্লাশিচৌকি তুলে নেওয়া হয়। কমে যায় পুলিশের তৎপরতাও।
গাবতলীর মতোই তল্লাশিচৌকি বসানো হয়েছিল ঢাকার আরেক প্রবেশমুখ টঙ্গীর আবদুল্লাহুপুর এলাকায়। টঙ্গী থেকে বসুন্ধরা এলাকায় এসে একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস করেন জাহাঙ্গীর আলম। তিনি প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন পুলিশ ঢাকায় ঢোকার সময় তল্লাশি করেছে। কিন্তু গতকাল রাত থেকে পুলিশের তল্লাশিচৌকি চোখে পড়েনি। তিনি আরও বলেন, উত্তরার আজমপুর এলাকায় বসানো পুলিশের তল্লাশিচৌকিটিও তুলে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, বিএনপির সমাবেশ এবং বিশেষ অভিযান উপলক্ষে ঢাকার প্রবেশমুখগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছিল। এখন তল্লাশিচৌকি না থাকলেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির গণসমাবেশ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে কয়েক দিন ধরে তল্লাশিচৌকি বসিয়েছিল পুলিশ। তখন যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের ব্যাগ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এতে মহাসড়কে যানবাহনের সংখ্যা কমে যায়। ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। বিএনপির সমাবেশের পর রাত থেকে তল্লাশিচৌকি তুলে নেওয়া হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। আজ সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল ও চাষাঢ়া এলাকা ঘুরে কোথাও এই প্রতিবেদক পুলিশের চেকপোস্ট দেখেননি। এসব স্থানে বাড়তি পুলিশি তৎপরতাও চোখে পড়েনি।